সন্তান প্রসবের সম্ভাব্য সময়
সাধারনত গর্ভকাল ২৮০ দিন বা ৪০ সপ্তাহ বা ৯ মাস ৭ দিন স্থায়ী হয়। শেষ মাসিকের প্রথম দিন থেকে গণনা করে ৯ মাস ৭ দিন পরে যে কোন সময়ে সাথাদনত শিশু ভুমিষ্ঠ হয়ে থাকে। প্রথম গর্ভবতীর বেলায় অনেক সময় কিছুটা আগে প্রসব হয়ে থাকে। এ ছাড়াও ব্যতিক্রম আছে। গর্ভাবস্থার আগে যদি কোন মহিলার মাসিক নিয়মিত ২৮ দিন পরপর না হয়, তাহলে সম্ভাব্য তারিখের আগে কিংবা পরেও শিশু ভূমিষ্ঠ হতে পারে। শেষ মাসিকের প্রথম দিনটা স্বামী ও স্ত্রী উভয়ের জন্য মনে রাখা বিশেষভাবে জরুরি।
মনে রাখতে হবে, গর্ভাবস্থায় জরায়ু মাঝে মাঝে সংকুচিত হয় এবং শেষের দিকে এ সংকোচন জোর বৃদ্ধি পায়। প্রথম দিকে এ সংকোচনের জন্য কোন ব্যথা অনুভূত হয় না। কিন্তু একেবারে শেষের দিকে কিছুটা ব্যথা অনুভূত হতে থাকে। শিশু ভূমিষ্ঠ হবার ব্যথা শুরু হলে এ সংকোচন তীব্র থেকে তীব্রতর হয়। এসময় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি করাতে হবে। হাসপাতালে নিতে দেরি হলে অনেক সময়য় রাস্তায় শিশু ভূমিষ্ঠ হতে পারে। এতে বিব্রতকর অবস্থায় পড়তে হয় এবং মারাত্মক বিপদের সম্ভাবনা থাকে। সর্বোপরি শিশু ভূমিষ্ঠ হবার ব্যথা শুরু হলেই সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


