গর্ভাবস্থায় ব্যায়াম করা কি নিরাপদ?
সাধারণ জটিলতাহীন গর্ভাবস্থায় অভ্যাসমতো ব্যায়াম চালিয়ে যাওয়া যায়। আগে না করলেও গর্ভকালে নিরাপদে ব্যায়াম কার্যক্রম শুরু করে নিজেকে শক্ত-সমর্থ করে নেয়া উচিৎ। যদি একজন গর্ভবতী রীতিমতো হাল্কা উপযুক্ত ব্যায়াম চালিয়ে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে তার চিকিৎসকের অনুমতি এবং সাথে সাথে একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধান আবশ্যক।
চিকিৎসকের অনুমতি থাকলে গর্ভাবস্থায় ব্যায়াম করতে কোন বাধা নেই। হালকা ব্যায়াম গর্ভস্থ শিশুর বেড়ে ওঠার জন্য ভাল। এটা রক্তপ্রবাহকে উদ্দীপ্ত করে আর অক্সিজেনের পরিমাণ বাড়ায়। ব্যায়াম অ্যান্ড্রেনালিন হরমোনের নিঃসরণ বাড়ায়, বাড়ায় এন্ডোর্ফিনের নিঃসরণ, যা শিথিলায়নে এবং পরিতৃপ্তিতে সাহায্য করে। ব্যায়ামের ছন্দোবদ্ধ নড়াচড়া গর্ভস্থ শিশুর জন্য আরামদায়ক। তবে কখনোই বেশি ব্যায়াম করা উচিৎ নয়। সবচেয়ে শক্ত-সমর্থ মহিলাও গর্ভকালের শুরুতে ক্লান্তি ও অবসাদ বোধ করলে তার ব্যায়াম কর্মসূচি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা উচিৎ। মোদ্দা কথা হল, আরামকে বিঘ্নিত করে নয়, নিজেকে শাস্তি দিতে নয় বরং পূর্ণাঙ্গ পরিতৃপ্তি আর আত্মতুষ্টি বজায় রেখে ব্যায়াম করা উচিৎ।


