উঁচু স্থান (গাছ বা ছাদ) থেকে পড়ে গেলে যা করতে হবে
বেশ উঁচু স্থান থেকে পড়ে গেলে শরীরের অনেক অংশ আঘাত প্রাপ্ত হতে পারে। সবচেয়ে মারাত্মক হয়, যদি আঘাতটি মাথায় লাগে। তবে মনে রাখতে হবে, এ ধরনের দুর্ঘটনার পর রোগীকে তাড়াহুড়া করে সরানোর ব্যবস্থা করা উচিৎ নয়। প্রথমেই নিচে উল্লেখিত বিষয়গুলোর দিকে খেয়াল করতে হবেঃ
(১) আঘাত প্রাপ্ত শিশুর শ্বাস-প্রশ্বাস।
(২) রক্ত ক্ষরণ।
(৩) বমি, লালা বা মুখের শ্লেষ্মা নিঃশ্বাসের সাথে ঢুকছে কিনা।
(৪) নিকটবর্তী হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা।
আর একটু গুছিয়ে বলতে গেলে ক্রমানুসারে নিচের কাজ গুলো করতে হবেঃ
(ক) রোগী অজ্ঞান থাকলে তাকে শোয়ানো অবস্থায় মুখ একদিকে কাত করে রাখতে হবে, জিহবা পরিস্কার রুমাল দিয়ে ধরে সামনের দিকে টেনে রাখতে হবে যাতে শ্বাস-প্রশ্বাসে সুবিধা হয়। যদি শ্বাস-প্রশ্বাস না নেয় তাহলে রোগীর মুখে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে।
(খ) মারাত্মক ধরনের রক্তপাত হচ্ছে কিনা লক্ষ্য করতে হবে। রক্তপাত হলে আঘাতের স্থানে পরিস্কার হাত বা কাপড় চেপে ধরতে হবে। হাত অথবা পা থেকে রক্তপাত হলে পরিস্কার গজ কাপড় বা গামছা দিয়ে বেঁধে রাখতে হবে। সঠিকভাবে রক্ত চলাচলের জন্য ১০-১৫ মিনিট পরপর বাঁধন সামান্য ঢিলা করে দিতে হবে।
(গ) আঘাত প্রাপ্ত শিশুর মাথা ও মুখ একদিকে কাত করে রাখতে হবে, যাতে নাক ও মুখ লালা মুক্ত হয়ে পরিস্কার থাকে।
(ঘ) আঘাত প্রাপ্ত শিশুকে হাসপাতালে পাঠানোর বিশেষ ব্যবস্থা করতে হবে। কারন এ ধরনের দুর্ঘটনায় মাথা, ঘাড় এবং মেরুদন্ডের হাড়ে আঘাত পাওয়া স্বাভাবিক, তাই স্ট্রেচার বা ঐ ধরনের কাঠের তৈরি জিনিসের উপর কম্বল বা কাঁথা বিছিয়ে হাসপাতালে পাঠানো ব্যবস্থা করতে হবে। আঘাত প্রাপ্ত স্থানে যেন কোন ধরনের চাপ না পড়ে সেজন্য অন্ততঃপক্ষে ২/৩ জন লোক একই সাথে রোগীকে ধরে স্ট্রেচারে উঠানো উচিৎ। এ সময় রোগীর গায়ে কাঁথা বা কম্বল জড়িয়ে রাখা উত্তম।


