গর্ভকালীন সময় এবং বেডরেস্টঃ কি করতে পারেন?
যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি, মায়ের অসুস্থতা বা গুরুত্বপূর্ণ কোন সমস্যা, এসব কারণে চিকিৎসকেরা অনেক সময় পুরো গর্ভকালীন সময়টা মা’কে সম্পূর্ণ বিশ্রাম বা বেডরেস্টে থাকার পরামর্শ দিয়ে থাকেন। যেহেতু মা এবং সন্তানের কল্যাণের কথা ভেবেই মা’কে এই বেডরেস্ট নিতে বলা হয়, তাই চিকিৎসকের এই পরামর্শ মেনে কাজ করাটাই মায়ের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত হবে। কিন্তু এই বেডরেস্টের ব্যাপারটি মায়েরদের অনেক বেশি দুশ্চিন্তায় ফেলে দেয়। স্বাভাবিকভাবেই একটি পরিবারের অনেক কিছু নির্ভর করে একজন মায়ের বা একজন নারীর উপর। আর বেডরেস্টের ফলে অনেক পরিকল্পনা বা রুটিনই পাল্টে যেতে পারে। কি করে এই সময়টা সামাল দিতে পারেন? সে বিষয়ে কিছু টিপস রয়েছে আজঃ
- গর্ভকালীন সময়ের প্রথম থেকেই নিজেকে যে কোন অবস্থার জন্য তৈরি রাখুন।
- বেডরেস্ট থাকা মানেই যে সারাক্ষণ শুয়ে থাকা তা কিন্তু নয়। নিজে যেভাবে আরামবোধ করুন সেভাবে থাকুন তবে অবশ্যই শরীরের উপর চাপ দিয়ে নয়।
- কেউ সাহায্য করতে চাইলে হাসিমুখে তা গ্রহণ করুন। নিজেকে ছোট ভাবার কোন অবকাশ এতে যাতে না হয়।
- নিজের সঠিক শারীরিক অবস্থা সম্পর্কে পরিবার এবং চিকিৎসক দুই স্থানেই কোনরকম সংকোচবোধ চলবে না। নিজের ও সন্তানের ভালোর জন্যই কি অনুভব করছেন তা সবার কাছে খুলে বলুন।
- বেডরেস্টে সবসময় চিন্তিত হয়ে থাকলে তা শিশুর উপর প্রভাব ফেলতে পারে। নিজেকে যেভাবে আনন্দিত রাখা যায় তার চেষ্টা করুন।
- পরিবারের সদস্যদের কাজ ভাগ করে দিয়ে এই সময়ের একটি আলাদা টাইম-টেবিল বা রুটিন তৈরি করে নিন এবং তার নিয়মিত তদারক করুন। যাতে সবাই মিলেমিশে পরিবারের কাজগুলো করে ফেলতে পারে।
- সময়টা শিশুর সাথে নিজের সম্পর্ক আরো বেশি দৃঢ় আর মজবুত করে তোলার কাজে বেশি বেশি করে ব্যবহার করুন। সন্তানের বিষয়ে নানা পরিকল্পনা, তার সাথে কথা বলা আপনাকে সুস্থ রাখতে অনেক বড় ভুমিকা পালন করতে পারে।


