ব্রেস্টফিডিং- নিজেকে মানিয়ে নেওয়ার কিছু টিপস
শিশুর জন্মের সাথে সাথে যে বিষয়টি মায়ের জানা একান্ত প্রয়োজন তা হলো ব্রেস্টফিডিং। শিশুকে বুকের দুধ খাওয়ানোর উপর মা ও শিশু দুজনেরই শরীর-স্বাস্থ্য, শিশুর পুষ্টি, ভবিষ্যত রোগ প্রতিরোধ ক্ষমতা, বুদ্ধিমত্তা অনেকাংশেই নির্ভর করে তা আমরা সবাই কমবেশি জানি। কিন্তু শিশুকে দুধ খাওয়াতে যেয়ে মায়েদের বেশ কিছু সমস্যা অনেক সময় দেখা দিতে পারে। সঠিক পজিশন, সময় সবকিছু কিছুটা সমস্যায় ফেলে দিতে পারে মায়েদের এবং বিশেষত নতুন মায়েদের। তাই মানিয়ে নেওয়ার ব্যাপারে বেশ কিছু টিপস নিয়ে এসেছি আজঃ
১। শিশুকে দুধ খাওয়ানোর ব্যাপারে খুব বাস্তববাদী হতে হবে আপনাকে। বিভিন্ন রকমের সমস্যা এক্ষেত্রে আসতে পারে। এর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েই শিশুকে দুধ খাওয়াতে হবে। ধৈর্য হারানো চলবে না।
২। শিশুর প্রয়োজনটি ধীরে ধীরে বুঝতে শিখুন। শিশুর জন্মের কিছুদিনের মধ্যে একটি রুটিন করে নিন যাতে করে শিশুকে খাওয়ানোর ক্ষেত্রে কোন প্রকার নিয়মের ব্যত্যয় না ঘটে।
৩। পরিবারের কাছের সদস্য যেমন মা, শাশুড়ি কিংবা যার সাথে আপনি সাচ্ছ্যন্দবোধ করেন তাঁর সাহায্য নিতে কুন্ঠাবোধহ করবেন না। একজন পাশে থাকলে আপনি বেশ সাহস পাবেন।
৪। নিশ্চিত করুন যে আপনি যে পজিশনে থেকে শিশুকে খাওয়াচ্ছেন তাতে শিশুর কোন সমস্যা হচ্ছে না কিংবা তার নরম কোমল শরীরে কোন প্রভাব পড়ছে না।
৫। নিজের এবং শিশুর সুবিধার কথা চিন্তা করে স্থান নির্বাচন করুন, এবং শিশুকে খাওয়ানোর ব্যাপারে পর্যাপ্ত সময়ের কথা মাথায় রাখুন। কোনভাবেই তাড়াহুড়া করবেন না। এতে শিশুর পেট ভরবে না এবং সে হয়তো ক্ষুধায় বারবার কেঁদে উঠবে।
৬। ব্রেস্টফিডিং এর সময় শিশুর মুখের উপর কাপড় বা অন্য কোন কিছু দিয়ে বিঘ্ন তৈরি করবেন না। এতে করে শিশু ভালোমতো খেতে পারবেনা কিংবা নিঃশ্বাস নিতে সমস্যা হয়ে পারে
এসব ব্যাপারে সচেতন থাকলে আপনি সুন্দরভাবে সন্তানের জন্য ব্রেস্টফিডিং করতে পারবেন।


