গর্ভকালীন সময়ে শক্তিবর্ধক ছয়টি খাবার
গর্ভাবস্থায় অনেক সময়ই মায়ের শরীর দুর্বল থাকে, মা বিভিন্ন রকমের কাজ করতে শক্তি পান না। তাই মায়ের শরীরে প্রয়োজনীয় সব শক্তি যোগাতে দরকার পুষ্টিকর সব খাবার-দাবার, যা মা ও শিশুর প্রয়োজনীয় শক্তি যোগাতে সাহায্য করবে। তাই আজ রয়েছে ছয়টি খাবারের কথা যা গর্ভবতী মায়ের শরীরে শক্তি যোগাবে।
ডিমঃ
ডিমকে ‘পাওয়ার হাউস’ হিসেবে অভিহিত করে থাকেন অনেকেই। কারণ এটি বিভিন্ন রকমের পুষ্টি উপাদানে ভরপুর। বিশেষ করে ডিমের কুসুম মায়ের শরীরে অন্যান্য খাবারের চেয়ে অনেক বেশি শক্তি যোগাবে। তবে মায়ের কোলেস্টোরলের সমস্যা থাকলে একটু সাবধানে ডিম খেতে হবে।
আপেলঃ
এমনিই একটি প্রবাদ চালু রয়েছে “An apple a day, keeps the doctor far away’. ভিটামিন বি ও ফাইবারে ভরপুর একটি আপেল যদি গর্ভবতী মা তাঁর বিকালের নাস্তা হিসাবে রাখেন তবে এটি শক্তি প্রদানের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে।
মিষ্টি কুমড়াঃ
মিষ্টি কুমড়া পটাশিয়াম ও ভিটামিন-এ ভরপুর একটি সবজি যা হৃদযন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখতে ওমাংসপেশি সবল রাখতে সহায়তা করে। এছাড়া ভিটামিন-এ ইনফেকশনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গরে তোলে।
চীনাবাদামঃ
চীনাবাদাম ক্যালরি শরীরে ধরে রেখে গর্ভবতী মা’কে শক্তি যোগাতে সাহায্য করে। এটি মায়ের মেটাবলিক ক্ষমতা বাড়াতেও দারুণ ভূমিকা রাখতে পারে।
বিভিন্ন রকমের ডালঃ
সহজে রান্না করা যায় এমন একটি খাবার হলো ডাল যা বিভিন্ন রকমের ফাইবার সমৃদ্ধ এবং বেশিক্ষণ ধরে মায়ের শরীরে শক্তি ধরে রাখতে সাহায্য করে। হার্ট ভালো রাখতেও ডাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ডাল আয়রনের একটি ভালো উৎস যা গর্ভকালীন সময়ে অনেক বেশি দরকার। শরীরের জন্য প্রয়োজনীয় নয় রকমের এমাইনো এসিডের প্রত্যেকটিই থাকে বিভিন্ন ধরণের ডালে।
দইঃ
প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন-ডি সহ বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর দই গর্ভকালীন সময়ে মা’কে দারুণ শক্তি যোগাতে পারে।


