চোখ ওঠা বা কনজাংটিভাইটিস
শিশুর চোখের অতি সাধারন অসুখ চোখ ওঠা। ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণের ফলে চোখের আবরক ঝিল্লি কনজাংটিভার প্রদাহই এই রোগের কারন। কনজাংটিভা একটি স্বচ্ছ পাতলা পর্দার মত যা চোখের পাতার ভেতরের অংশ, সাদা অক্ষিগোলকের সম্মুখভাগের কিয়দাংশ এবং কর্ণিয়ার সম্মুখভাগ আবৃত করে।
এই রোগ খুবই ছোঁয়াচে। রোগীর আঙ্গুল থেকে, ব্যবহৃত গামছা, তোয়ালে বা অন্যান্য জিনিস থেকে এ রোগ সহজেই অন্যদের মাঝে ছড়িয়ে যায়। চোখ ওঠলে চোখ লাল হয়, জ্বালা করে, চোখে পুঁজ জমে। চোখের পাতা ফুলে যায় এবং চোখ দিয়ে পানি পড়ে। ঘুম থেকে উঠলে পাতা দুটি প্রায়ই জুড়ে গিয়ে আটকে থাকে। চোখ উঠলে বাচ্চাদেরকে অন্যদের সাথে খেলতে বা শুতে দেয়া উচিৎ নয়। সুস্থ না হওয়া পর্যন্ত তাকে স্কুলেও যেতে দেয়া যাবে না।
এ রোগের চিকিৎসাঃ
চোখ ওঠা রোগের প্রধান চিকিৎসা হল চোখ পরিষ্কার রাখা ও চোখে এন্টিবায়োটিক (অবশ্যই ডাক্তার এর পরামর্শ অনুযায়ী) মলম বা ড্রপ দেয়া। শিশূর চোখ পরিষ্কার করার ও চোখে ঔষুধ দেবার পূর্বে ও পরে ভালভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। শিশুকে চোখ বন্ধ রাখতে বলতে হবে। সামান্য গরম বা ঠান্ডা ফুটানো পানিতে পরিষ্কার তুলো বা কাপড় ভিজিয়ে বারবার চোখে জমা পুঁজ পরিষ্কার করে দিতে হবে। প্রতিবারই পরিষ্কার তুলো বা কাপড় ব্যভার করতে হবে, পরিষ্কার পানি দিয়ে বার চারেক চোখ ধুয়ে দিতে হবে।


