দাঁতে পোকা লাগা আসলে কি?
দাঁতে আদৌ কোন পোকা থাকে না। দাঁতের পোকা বলতে যা বুঝায় তা হলো ডেন্টাল ক্যারিজ। ক্যারিজ দাঁতের এক ধরনের ক্ষয় রোগ। এ ক্ষয় রোগ কেন হয়, এর উত্তর ব্যাপক ও কঠিন। তবে সাধারনভাবে, এর প্রধান কারন দাঁতের সঠিক পরিচর্যা না করা। কোন কিছু খাবার পর ভালভাবে মুখ ধোয়া বা দাঁত ব্রাশ না করার ফলে দাঁতের গায়ে বা দুটি দাঁতের ফাঁকে খাবার কণা আটকে থাকে। অনেকক্ষণ খাবার আটকে থাকার ফলে মুখের ভেতরে যে সাধারন জীবাণু ল্যাকট্যোব্যসিলাস থাকে তার সাথে খাবার পচন যুক্ত হয়ে এক ধরনের এসিডের উৎপত্তি হয়। এ এসিডই দাঁতের ক্ষয় রোগ সৃষ্টি করে। এর ফলে আস্তে আস্তে দাঁতে ক্যাভিটি বা গর্ত হয়। ক্যাভিটি ধীরে ধীরে বড় হয়ে এনামেল, ডেন্টিন ভেদ করে পাল্প বা নার্ভে সংক্রামিত হয়। দাঁতের পাল্প বা নার্ভ খুবই সংবেদনশীল, তাই এ অবস্থায় পাল্পাইটিসের প্রচন্ড ব্যাথা হয়।
দাঁতের যে কোন অংশে ক্যারিজ হতে পারে। প্রথম অবস্থায় ক্যারিজ ধরাই যায় না। কারন কোণ উপসর্গ থাকে না। ক্যাভিটি যখন একটু গভীরে পৌঁছে, তখন ঠান্ডা, গরম ও মিষ্টি খেলে একটু শির-শির করে। অনেকেই এ অবস্থায় তেমন কোন খেয়াল করেন না। এ ক্যারিজ যখন পাল্পে পৌঁছায় তখন যন্ত্রণা হয় এবং দাঁত কন কন করে। এ অবস্থায় শিশুরা মুখে হাত দিয়ে চিৎকার করে। শিশুর দাঁতের এ ধরনের কোন সমস্যা হলে যত দ্রুত সম্ভব একজন ডেন্টাল সার্জন এর পরামর্শ না নিলে মারাত্মক ক্ষতি হতে পারে।


