নবজাতককে কোলে নেওয়ার আদবকেতা
সবারই খুব ইচ্ছা করে বাচ্চাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরতে। সেটাই স্বাভাবিক। এ ব্যাপারে কয়েকটা বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন। নবজাতক শিশুরা খুব নরম, খুব কোমল। নবজাত শিশু মাত্রই মায়ের পেটের জীবাণুমুক্ত পরিবেশ থেকে এই পৃথিবীতে এসেছে। তাদের শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধের ক্ষমতা খুবই কম থাকে। তাই যে কেউ বাচ্চাকে কোলে নিতে চাইলে তার হাত জীবাণুমূক্ত করে নিতে হবে। হাত পরিষ্কার করার জন্য হেক্সি-স্ক্রাব সল্যুশন জাতীয় জীবাণুনাশক ব্যবহার করা যেতে পারে। যে বাচ্চাকে কোলে নিতে চাইবে, সে প্রথমে দুই হাত সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে নেবে। এরপর দুই হাতে হেক্সি-স্ক্রাব সল্যুশন নিয়ে ২০ সেকেন্ড হাত রগড়ে নেবে। তার শরীর ও পোশাক অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে। নব্জাতকের ঘরে কোনো অসুস্থ লোকের না আসাই ভাল। বাচ্চার ঘাড় শক্ত হতে দুই-তিন মাস লেগে যায়। কোলে নেওয়ার সময় একই হাতে বাচ্চার পিঠ এবং মাথা এক সরলরেখায় রেখে কোলে নিতে হবে। কোনো অবস্থাতেই নবজাত শিশুকে ঝাঁকানো যাবে না। লোফালুফি করার তো প্রশ্নই আসে না।


