শিশুর সাথে মায়ের ছোটবেলা থেকে নিবিড় মানসিক সম্পর্ক গড়ে তোলার আটটি উপায়
একটি সন্তান মায়ের নাড়ি ছেড়া ধন। এমন কোন মা পৃথিবীতে নেই যে তার সন্তানকে ভালোবাসে না। সব মা’ই চেষ্টা করে তার সর্বোচ্চ সামর্থ্য ও শক্তি দিয়ে তার সন্তানকে আগলে রাখতে। কিন্তু তাই বলে গা ছাড়া ভাবে শিশুর সাথে ব্যবহার করলেই কি চলবে? নাহ! শিশুর সাথে আত্মিক এই সম্পর্ককে আরও বেশি নিবিড় ও ভালো করে তুলতে রয়েছে বেশ কিছু উপায় যা শিশুকে আপনার আরও কাছে নিয়ে আসবে, আর সম্পর্ককে করে তুলবে স্বর্গীয়। কি করে গড়ে তুলতে পারেন এই নিবিড় সম্পর্ক, হবু ও সদ্য মায়েরা জেনে রাখুন এর বেশ কিছু উপায়ঃ
- শিশুর সাথে প্রতিদিন কাটান বেশ নিবিড় কিছু মুহূর্ত। শিশু ও মায়ের মধ্যে এই সময়গুলোতে বেশ ভালো বোঝাপড়া হয়ে উঠে। শিশু বুঝতে শেখে মা তার জন্য কতটা প্রয়োজনীয় বাক্তি।
- সারাদিন আপনার কণ্ঠস্বর শিশুকে আরও ভালো করে আপনাকে চিনতে ও বুঝতে সাহায্য করবে। তাই শিশুর সাথে বেশি বেশি কথা বলুন, গান করুন।
- শিশুর সাথে পছন্দের গান নিয়ে নেচে উঠুন আর দোল খাওয়ান হাওয়ার মধ্যে। এতে শিশু নির্মল আনন্দ পাবে।
- শিশুর সাথে নিজেকে ব্যস্ত রাখুন নানান রকম খেলাধুলা, নাচ-গান, সহ বিভিন্ন কর্মোদ্দীপক কাজে। এতে মা ও শিশু দু’জনেরই শরীর ও মন ভালো থাকবে।
- আপনার আলতো আদর ভালোবাসা মাখা ছোঁয়া শিশুর মনন ও মস্তিষ্ক উন্নয়নে দারুণ ভূমিকা পালন করে। বারবার আদর মাখা ছোঁয়া আপনার শিশুকে বুঝতে বাধ্য করে আপনার জীবনে তার গুরুত্ব কতটা জুড়ে রয়েছে।
- শিশুর চোখে চোখ রেখে কথা বলুন সবসময়, এই চোখের দিকে তাকিয়ে কথা বলা শিশুর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
- ছোটবেলা থেকেই শিশুর সাথে অর্থপূর্ণ কথা বলুন, তাকে বিভিন্ন ভালো ভালো বই পড়ে শোনান। এতে শিশুর মেধা বিকাশের সাথে সাথে আপনার সাথে শিশুর শেয়ারিং, বন্ধুত্ব বৃদ্ধি পাবে।
- শিশুকে যতটা সম্ভব নিজের কাছে রাখতে চেষ্টা করুন, শিশুকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর সময় এমনভাবে কোলে নিন যাতে শিশু আপনার হৃদ স্পন্দন শুনতে পায়। এতে আপনি পাবেন স্বর্গীয় এক অনুভূতি আর শিশুরও আপনার প্রতি বিশ্বাস, নির্ভরতা বাড়বে।


