সন্তানকে সাথে নিয়ে কেনাকাটাঃ লক্ষ্য রাখার পাঁচটি বিষয়
সন্তানের জন্মের পর একজন মা তার দিনের বেশিরভাগ সময়ই ব্যয় করেন শিশুর বিভিন্ন কাজে। কিন্তু তাই বলে কি অন্যান্য কাজগুলো করা হবে না? নাহ! শিশুকে সাথে নিয়েই মায়ের নিজের ও পরিবারের প্রয়োজনীয় ও দৈনন্দিন কাজগুলো সারতে হয়। আর বিভিন্ন কাজেই কেনাকাটার জন্য মা’কে বাইরে যেতে হয়। পরিবারে সন্তানের দেখাশুনা করার মত যদি কেউ না থেকে থাকে তবে মায়ের সঙ্গে করে শিশুকে নিয়ে বের হওয়ার ছাড়া অন্য কোন উপায় থাকে না। খুব ছোটবেলায় শিশুকে নিয়ে না বেরুতে পারলেও সময়ের সাথে সাথে এটি আবশ্যক প্রয়োজন হয়ে দাঁড়ায়। তাই আজ আপনার শিশুকে নিয়ে কেনাকাটা করতে যাবার ব্যপারে পাঁচটি বিষয় জেনে নিন যা আপনার কাজে লাগতে পারে।
- সন্তান খুব ছোট? সঙ্গে নিয়ে নিন শিশুদের ক্যারিং কেস। এর মাঝে শিশু আরামে ঘুমিয়ে থাকতে পারবে আর সেই সঙ্গে আপনি সেরে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় কাজ। সঙ্গে রাখুন হেড ফোন বা আইপড জাতীয় গান শোনার কোন বস্তু যার সাহায্য শিশু জেগে উঠলেও দ্রুত আবার ঘুম পাড়িয়ে দিতে পারবেন।
- আপনার সন্তান যদি আরেকটু বড় হয়ে থাকে যখন তখন আপনার সাথে বেরুবার বায়না করতেই পারে। কিন্তু যদি ভাবেন যে কেনাকাটার ধকল শিশু সহ্য করতে পারবে না তবে আগে থেকে এমন একটি সময়ের পরিকল্পনা করে রাখুন যখন আপনার সন্তান ঘুমিয়ে থাকবে। ঘুমিয়ে থাকার এই সময়টাতে চটপট সেরে আসুন নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো।
- শিশুকে ক্ষুধার্ত অবস্থায় কখনো কেনাকাটা করতে নিয়ে যাবেন না। শিশু ক্ষুধার্ত থাকলে তার কান্নাকাটি ও ঝামেলা সামাল দিতে যেয়ে আপনি আসল কাজই ঠিকমতো সমাধান করতে পারবেন না। তাই শিশুকে উপযুক্ত খাবার খাইয়ে নিয়ে বেরুনোটাই শ্রেয়।
- আপনার শিশুকে শপিং মল কিংবা কেনাকাটার জায়গায় একটু হাঁটাচলা কিংবা সম্ভব হলে খেলাধুলার সুযোগ করে দিন। অনেক আধুনিক শপিং মলেই ইদানীং শিশুদের জন্য আলাদা খেলাধুলা করার স্থান দেখা যায়। এতে শিশুও তার পছন্দমতো খেলায় মেতে উঠবে আর আপনিও আপনার প্রয়োজনীয় বাজার সারতে পারবেন নিশ্চিন্তে।
- শপিং এ যাবার আগে থেকেই নিজেকে ও আপনার সন্তানকে প্রস্তুত করুন। শিশুকে ভালভাবে খাইয়ে দিন, তার জন্য প্রয়োজনীয় খাবার ও পানি সাথে নিয়ে নিন। শিশুর জন্য আলাদা ডায়াপার ও কাপড় যে কোন সময় প্রয়োজনে লাগতে পারে। তাই এসবও সাথে রাখুন। মোটকথা, যেকোনো অবস্থার জন্য নিজেকে প্রস্তুত রাখুন।


