শিশুকে আত্নপ্রত্যয়ী ও আত্নবিশ্বাসী করে তোলার সাতটি উপায়
শিশুর জ্ঞান হবার পর থেকেই মানসিকভাবে বিভিন্ন উপায়ে শক্তিশালী করে তোলার জন্য বাবা-মায়ের চেষ্টা থাকা উচিৎ যা ভবিষ্যৎ জীবনে তাকে অনেক সহযোগীতা করবে। ছোটবেলায় শিশুদের দেওয়া শিক্ষাগুলোই বড় হবার পথে শিশুর জন্য পাথেয় হিসেবে কাজ করবে। কি করতে পারেন শিশুকে আত্নপ্রত্যয়ী আর আত্নবিশ্বাসী করে তোলার জন্য? চলুন জেনে নেওয়া যাক এমন সাতটি উপায়ঃ
১। শিশুকে কোন কাজ শেষ করা কিংবা কোন কাজের প্রচেষ্টার জন্য সবসময় উৎসাহ দিন। বারবার বলুন যে আপনার সন্তানের কাজে আপনি কতটা গর্বিত। এতে শিশুর নিজের উপর ভালো আত্নবিশ্বাস জন্মাবে।
২। শিশুকে ছোট ছোট দায়িত্ব দিন যাতে নিজের কাজ নিজে নিজে করার অভ্যাস শিশুর ছোটবেলা থেকেই গড়ে উঠে। যেমন তার নিজের কাপড় গুছিয়ে রাখা, খেলনা গুছিয়ে রাখা ইত্যাদি।
৩। শিশুদের ছোট ছোট বিষয়ে সিদ্ধান্ত নেবার ভার দিন যাতে তার মধ্যে দায়িত্ব ও কর্তব্যবোধের সৃষ্টি হয়।
৪। ইতিবাচক ব্যবহারের দিকে বেশি বেশি করে ফোকাস করুন এবং শিশুর সাথে যতোটা সম্ভব নেতিবাচক ব্যবহার এড়িয়ে চলতে চেষ্টা করুন।
৫। শিশুদের বিভিন্ন খেলায় নেতৃত্ব দিতে উৎসাহিত করুন। এতে ছোটবেলা থেকে শিশুদের মাঝে নেতৃত্বদানের বিষয়টি গড়ে উঠবে।
৬। নিজেকে সন্তানের জন্য একজন রোল মডেল হিসেবে তৈরি করতে চেষ্টা করুন। আপনি যা করছেন আপনার দেখাদেখি আপনার সন্তানও একই কাজ একইভাবে করতে আগ্রহী হবে।
৭। শিশুকে নির্দেশনা দেবার ব্যাপারে নির্দিষ্ট কিছু দিক বেছে নিন। একসাথে শিশুকে অনেকগুলো কাজ দিলে সে কোনটি করবে তা নিয়ে দ্বিধাগ্রস্থ হয়ে পড়তে পারে। তাই নিজের নির্দেশনার ব্যাপারে সচেতন হোন।


