শিশুর বেছে খাওয়া বন্ধ করবেন কি করে?
“আমার বাচ্চা কিছুই খাচ্ছে না!”, “কিছুতেই নতুন কোন খাবার মুখে তুলছে না” , “বাচ্চা ভাত খেতে চাইছে না” এমন কত না অভিযোগ মায়েদের। কি রান্না সন্তান খাবে আর কি করলে খাবে না এই চিন্তাতেই মায়ের দিন কেটে যায়। কিভাবে সন্তানকে সব ধরণের খাবারের প্রতি আগ্রহী করে তোলা যায় এ চিন্তাতেই মায়েদের কত রাত বিনিদ্র কাটে তার ইয়ত্তা নেই। তাই এমন বেছে খাওয়া শিশুদের মায়েদের কিছুটা হলেও সাহায্য করার লক্ষ্যে আজকের কিছু টিপসঃ
- যা রান্না হয়েছে তাই খেতে হবেঃ বাক্যটি শুনতে কিছুটা কঠিন শোনালেও শিশু যদি না বুঝে প্রতিদিনই নিজের ইচ্ছেমত খাবারের বায়না করে তবে তার প্রতি কিছুটা কঠোর হতে শিখুন। তাকে বলুন ‘যা রান্না হয়েছে পরিবারের অন্য সদস্যরা ভালোভাবেই তা খেয়ে নিচ্ছে তাই তোমাকেও সবার সাথে এই খাবার খাওয়া শিখতে হবে’। এ ব্যপারে কিছুটা কঠোরতা আপনার সন্তানকে নিয়মে আনতে সাহায্য করবে।
- খাবারে যোগ করুন মজাদার স্বাদের মশলাঃ খুব সাধারণ খাবার খেতে কখনোই কোন শিশুর ভালো লাগবে না। শিশুর খাবারে প্রতিদিন নিত্যনতুন স্বাদ আনতে চেষ্টা করুন। শিশু খাবারের প্রতি আগ্রহী হয়ে উঠবে।
- সবজি রাখুন পার্শ্ব মেনু হিসেবেঃ যতই স্বাস্থ্যের দোহাই দিন না কেনো শিশুরা সবজি খেতে পছন্দ করবে না সেটাই স্বাভাবিক। কিন্তু স্বাস্থ্যের দিকে তাকিয়ে স্বাদের কথা ভুলে গেলে চলবে না। শিশুর খাবারে সবজিকে সাইড মেনু হিসেবে রাখলেই ভালো হবে। অল্প অল্প করে এতে আপনার সন্তান খেতে শিখবে।
- খাবার খান একসাথেঃ শিশুকে সাথে নিয়ে পরিবারের সবাই দিনের প্রধান খাবার (দুপুর ও রাতের খাবার) একসাথে খেতে চেষ্টা করুন। সবার সাথে খাবার খেলে শিশু সবাই যা খায় তা খেতেই উৎসাহ বোধ করবে। খাবার টেবিলে গল্পের আমেজ সৃষ্টি করুন আর শিশুকে খেতে সাহায্য করুন।
- অল্প করে করে খেতে বলুনঃ শিশু কোন কিছু খেতে না চাইলে অন্তত অল্প করে যাতে খাবার খায় সেদিকে নজর রাখুন। শিশুকে অন্তত অল্প করে খেয়ে দেখতে হবে যে খাবারের স্বাদ কেমন। এভাবে একটু একটু করে খাবারের প্রতি সন্তানকে আগ্রহী করে তুলুন।
- ব্যবহার করুন অন্যরকম কৌশলঃ শিশুকে খাওয়াতে কোন না কোন কৌশল ব্যবহার করতে পারেন। যেমন, ‘তুমি খাবারটা না খেলে এটা তোমার বড়/ছোট ভাই বা বোন পেয়ে যাবে’। কিংবা ‘এটা তুমি খেলে না! আমি তো ভেবেছিলাম এটা খেলে একটা উপহার পাবে’ এমন সব মনভোলানো কথায় শিশুকে খাইয়ে নিতে পারেন।
- খাবারের পর মিষ্টিঃ শিশুরা সাধারণত মিষ্টি কিংবা এই জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে। তাকে বলুন যে খাবার খেলে সে খাবারের পর মজার কিছু যেমন আইসক্রিম, মিষ্টি জাতীয় কিছু খেতে পাবে।


