আপনার সন্তান কি অনেক রাগী?
আপনার সন্তান কি অতিরিক্ত রাগী? অল্পেই রেগে যায়? কিংবা গাল ফুলিয়ে বসে থাকে কোনো আবদার পূরণ না হলে? তারপর সেই গাল ফোলানো অভিমান ভাঙতে অনেক কাঠ খড় পোড়াতে হয় আপনাকে। বড়দের মধ্যে অনেকের যেমন অতিরিক্ত রাগ করার প্রবণতা আছে, অনেক সময় সেটা ছোট শিশুদের মাঝেও দেখা দেয়।
অতিরিক্ত রাগের কারণঃ
- নিজের মতামত ও অনুভূতি পরিবারের কাছে প্রকাশ ঠিকমত করতে না পারলে
- মানসিক ক্লান্তি থাকলেও শিশু রেগে যেতে পারে।
- শিশুদের রাগের বড় কারণ অভিমান। আদর-ভালোবাসা অন্য ভাইবোনদের তুলনায় কম পেলে শিশুরা রাগের বহিঃপ্রকাশ ঘটায়।
- অনেক সময় ছোট ছোট বিরক্তি মনে জমানো থাকলে এক পর্যায়ে রাগের বহিঃপ্রকাশ ঘটে শিশুদের মধ্যে।
সন্তান রেগে গেলে করনীয়ঃ
- শিশুর রাগ কমাতে সবার আগে রাগের কারণ সনাক্ত করুন।
- শিশুর আবদার যদি যৌক্তিক হয়, তাহলে সেটা মেটানোর চেষ্টা করুন। তবে অযৌক্তিক হলে অন্যায় আবদার এড়িয়ে যাবেন।
- অন্য কোনো বিষয়ের দিকে শিশুর মনোনিবেশ করাতে চেষ্টা করুন, এটাই রাগ দূর করবার সবচেয়ে সহজ পন্থা।
- আপনার সন্তানের সঙ্গে পারস্পরিক যোগাযোগ বাড়ান ও তার মন বুঝতে চেষ্টা করুন।
- শিশুকে সুন্দর ভাবে বুঝিয়ে বলেও অনেক সময় তার অভিমান বা রাগ কমানো যায়।
- যখন শিশু রাগ দেখাবে তখন তার সাথে হালকা মজা বা রসিকতা করুন।
- যেসব ঘটনায় বা পরিস্থিতি শিশু রেগে যায়, সেসব বিষয়গুলো শিশুর সামনে ঘটতে দেয়া উচিত নয়।
যা করবেন নাঃ
- রাগ করলেই শিশুর আবদার পূরণ হয়ে যাবে এ ধারণা আপনার সন্তানের মনে বদ্ধমূল হতে দেবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।
- শিশু যদি রাগ করে তবে তাকে মারধর বা বকাঝকা করবেন না।
- অনেক সময় রাগ করার বিষয়টি শিশু শিখতে পারে পরিবার থেকেও। তাই শিশুর সামনে কখনই বাবা-মা এর বা পরিবারের অন্য সদস্যদের সাথে পারিবারিক কলহ করা উচিত নয়।
- শিশুরা সবসময় পরিবারের বড়দের দেখে শেখে, তাদের ভাবভঙ্গি অনুসরণ করে এমনকি সেটা ঝগড়া ঝাটি হলেও, তাই রাগের নেতিবাচক প্রকাশভঙ্গি শিশুর সামনে কখনই দেখাবেন না।


