হাটি হাটি পা সাক্ষাৎকার (পর্ব-১) : ডাঃ কাজী নওশাদ-উন-নবী
সম্প্রতি দেশের খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ ডাঃ কাজী নওশাদ-উন-নবী শিশু স্বাস্থ্য বিষয়ক গুরূত্বপূর্ণ তথ্য দিয়েছেন হাটি হাটি পা ডট কম এর সাথে এক একান্ত সাক্ষাৎকারে। সাক্ষাৎকারটি নিয়েছেন হাটি হাটি পা এর ডাঃ নাজমুল কবির।
হাটি হাটি পাঃ জন্মের পর নবজাতকের কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন?
ডাঃ কাজী নওশাদ-উন-নবীঃ মূলত নবজাতকের জন্মের সময়ের উপর ভিত্তি করে তার বিশেষ যত্নের প্রয়োজন হয়ে থাকে। আর একটু সহজ ভাষায় বলতে গেলে, একটি নবজাতক যদি নির্দিষ্ট সময়ের আগেই মাতৃগর্ভ থেকে পৃথিবীতে চলে আসে, তবে সেই নবজাতকের জন্য এক রকম যত্ন আর যেই নবজাতক মোটামুটি নির্দিষ্ট সময়ে জন্ম নিয়ে থাকে তার জন্য আর এক ধরনের যত্ন নেয়া প্রয়োজন।
যেসকল শিশু নির্দিষ্ট সময়ে জন্ম নিয়ে থাকে, তাদেরকে টার্ম বেবি (Term Baby) বলা হয়ে থাকে। টার্ম বেবি (Term Baby) এর জন্মগ্রহনের পরে নিচের বিষয়গুলো খেয়াল রাখা জরুরি।
১. শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে কিনা তা লক্ষ্য রাখতে হবে।
২. Suction দিয়ে মুখ পরিস্কার করে দিতে হবে অথবা মুখ মুছে দিতে হবে।
৩. মুখের লালা পরিস্কার করে দিতে হবে।
৪. শিশুর নাভি পরিস্কার করে দিতে হবেঃ
ক. ফুটানো ঠান্ডা পানি দিয়ে নাভি পরিস্কার করে দিতে হবে।
খ. Cord Clamp দিয়ে নাভি আটকে দিতে হবে।
৫. মায়ের বুকের দুধ খাওয়াতে হবে।
৬. শিশুকে ২ মিলিগ্রাম ভিটামিন-K মুখে খাওয়াতে হবে।
৭. শিশুকে মায়ের কাছে রাখতে হবে আর যতটা সম্ভব গরম কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।
৮. ২৪ ঘন্টার মধ্যে Urine pass করে কিনা তা খেয়াল রাখতে হবে।
৯. ৪৮ ঘন্টার মধ্যে Stool pass করে কিনা তা খেয়াল রাখতে হবে।
উপরের সবগুলো কাজই যে শিশুর মা-বাবা বা আত্মীয়স্বজনদের করতে হবে তা নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসকের সাহায্য নেয়ার উত্তম।


