আপনার শিশুর ঘুমের ক্ষেত্রে করণীয়
অনেক পরিবারেই ছোট্ট শিশুরা বাবা-মার সাথে একই বিছানায় ঘুমায়। তবে বিশেষজ্ঞগণ মনে করেন এর কিছু ঝুঁকি আছে। সেক্ষেত্রে কিভাবে আপনার শিশুর নিরাপত্তা নিশ্চিত করবেন এবং ঝুঁকি এড়িয়ে চলবেন তার কিছু পরামর্শ নিচে দেওয়া হল।
আপনার যদি ঘুমের মধ্যে নড়াচড়া করার অভ্যাস থাকে তাহলে তা আপনার শিশুর জন্য বিপদের কারণ হতে পারে। ঘুমের মধ্যে নড়াচড়া করার কারণে আপনি আপনার শিশুকে বিছানার কিনারায় ঠেলে দিতে পারেন যার কারণে শিশু বিছানা থেকে নিচে পড়ে যেতে পারে, এমনকি নিজের শরীর দিয়ে চাপাও দিতে পারেন। উভয় ক্ষেত্রে মারাত্মক জখম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনার ঘুমের মধ্যে নড়াচড়া করার অভ্যাস থাকলে বাচ্চাকে সাথে নিয়ে ঘুমাবেন না। বরং আপনার বাচ্চাকে তার জন্য নির্দিষ্ট এবং বিশেষ বিছানায় ঘুমাতে দিন।
একক বিছানায় ঘুমাতে দিবার সময় খেয়াল রাখুন শিশুর বিছানার চারপাশ গার্ড দেয়া এবং বিছানার ভেতরের দিকের গার্ড অংশ নরম বস্তু দিয়ে আবৃত। কেননা আপনার শিশুও ঘুমের মধ্যে গড়িয়ে নিচে পড়ে যেতে পারে। গার্ড থাকলে শিশু গড়িয়ে নিচে পড়তে পারবে না এবং গার্ডের ভিতরের দিক নরম বস্তু দিয়ে আবৃত হলে ব্যথাও পাবে না।
শিশুকে ঘুমাতে দেবার সময় খেয়াল রাখুন যেন ঘুমানোর জায়গা যথেষ্ট মজবুত, সমতল, পরিষ্কার, আরামদায়ক হয় এবং চোখে আলো না পড়ে। নিশ্চিত করুন, আপনার শিশু যেখানে ঘুমাবে সেখানকার তাপমাত্রা যেন স্বাভাবিক হয় এবং অতিরিক্ত গরম বা ঠাণ্ডা যেন না লাগে। ঘুমের সময় বুক পর্যন্ত তার উপর নরম চাদর জড়িয়ে দিন। তবে খেয়াল রাখুন যেন তা মুখের উপর এসে না পড়ে। নচেৎ আপনার শিশু নিঃশ্বাস নিতে কষ্টবোধ করতে পারে।
আরও যেসব কারণে নিঃশ্বাস নিতে বাঁধা দিতে পারে তা এড়িয়ে চলুন। যেমন: শিশু ঘুমের সময় তার হাতে কোন খেলনা থাকলে তা সরিয়ে ফেলুন এবং আপনার শিশুকে উপুড় হয়ে ঘুমাতে দেবেন না। কারণ এতে মুখ এবং নাকের বায়ু চলাচল বন্ধ বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে।
শিশুর ঘুমানোর জন্য কখনো ওয়াটার ব্যাগ ব্যবহার করবেন না। ওয়াটার ব্যাগ সাধারণত অতিরিক্ত নরম হয় এবং যথেষ্ট সমতল হয় না। ফলে তা শিশুর জন্য অস্বস্তিকর হয়।
আপনার বাসায় যদি কোন গৃহপালিত প্রাণী থাকে, সবসময় আপনার শিশুকে এদের কাছ থেকে দূরে রাখুন।
শিশুকে বিছানায় ঘুমাতে দিলে নিশ্চিত করুন তাকে বিছানার দেয়ালের দিকে শুতে দিয়েছেন এবং দেয়াল ও বিছানার মধ্যে কোন ফাঁকা নেই। এর ফলে আপনার শিশু গড়িয়ে বিছানার কিনারায় চলে আসলেও পড়ে যাবে না। এক বছর পূর্ণ হওয়ার আগে শিশুকে অন্য শিশুদের সাথে একই বিছানায় ঘুমাতে দেবেন না।


