Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Dec 10, 2013 in ছোট্টমনি, স্কুলের পথে |

শিশুর হঠাৎ জ্বর

শিশুর হঠাৎ জ্বর

নানা ধরনের সংক্রমণের কারণে জ্বর হয়, এটি কোনো রোগ নয়। এটি শুধু রোগের উপসর্গ। শিশুদের আমাশয় থেকে শুরু করে হাম, সাধারণ ইনফ্লুয়েঞ্জা,  বসন্ত ও আরও জটিল কোনো সংক্রামক রোগ যেমন, ম্যালেরিয়া, নিউমোনিয়া, মেনিনজাইটিস ইত্যাদির প্রথম লক্ষণ জ্বর। সুতরাং জ্বরকে অবহেলা করা উচিত নয়।

শিশুর জ্বর হলে লক্ষণীয় বিষয়:

১. ঘাড়ের সামনে-পেছনে নড়ায় সমস্যা এবং শক্তভাব মেনিনজাইটিসের বা মস্তিষ্কের সংক্রমণ লক্ষণ।
২. ঘন ঘন শ্বাস, কাশি ও শ্বাসকষ্ট, বুকে শব্দ, বুকের খাঁচা ভেতরে ঢুকে যাওয়া ইত্যাদি নিউমোনিয়ার লক্ষণ হতে পারে।
৩. শরীরে দাগ, দানা, ফুসকুড়ি থাকলে বসন্ত বা হাম কি না, পরীক্ষা করে নিন। তবে ওষুধের প্রতিক্রিয়া ডেঙ্গু, বা মারাত্মক অ্যালার্জির কারণে ত্বকে এমন দানা হতে পারে।
৪. শিশু জ্বর হবার পরে স্বাভাবিক আচরণ বা খাওয়া-দাওয়া করছে কি না, খেয়াল করে দেখুন। শিশু যদি অর্ধচেতন দেখায়, নেতিয়ে পড়ে, খিঁচুনি হয় বা শ্বাসকষ্ট হয়, শুষ্ক ও পানিশূন্য দেখায়,  তবে দ্রুত হাসপাতালে ভর্তি করুন।

জ্বর যদি ভাইরাসজনিত হয় তবে কয়েক দিনের মধ্যে তা সেরে যায়। সাত দিনের বেশি জ্বর স্থায়ী হলে তা ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গু হেমোরেজিক বা অন্য মারাত্মক কোন রোগের জন্য হতে পারে। গা গরম মানেই জ্বর নয়। থার্মোমিটার শিশুর বগলের নিচে তিন-পাঁচ মিনিট রাখার পর যদি দেহের তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, তবে  সেক্ষেত্রে ধরে নিতে হবে যে জ্বর আছে।

এই অবস্থায় করণীয়ঃ

  • শরীর যেন পানিশূন্য না হয় সেজন্য প্রচুর পানি ও স্বাভাবিক তরল খাবার পান করান।
  • শিশু বুকের দুধ পান করলে তাকে বারবার বুকের দুধ খেতে দিন।
  • শিশুর ওজন ও ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী প্যারাসিটামল খাওয়ান অথবা সাপোজিটরি ব্যবহার করুন।
  • শিশুকে সর্দিকাশির সিরাপ, যেগুলোতে জ্বর কমানোর উপাদান আছে, তা খাওয়ানো উচিত নয়। এতে ওষুধের ‘ওভার ডোজ’ হয়ে যাবার আশংকা থাকে।
  • ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিলে উপকার হয় কি না, তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। তবে এটি প্যারাসিটামলের চেয়ে বেশি কার্যকরী নয় বরং এটি শিশুদের বিরক্তি উৎপাদন করে।
  • ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখার চেষ্টা করুন। যথেষ্ট বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন এবং জানালা খুলে রাখুন। দরকার হলে ফ্যান ছেড়ে দিন। ঠাণ্ডা কমানোর জন্য কাপড়-চোপড় ও চাদরের প্রয়োজন নেই। ছোট্ট বাচ্চাদের তাপ মাথা থেকেই বেশি নির্গত হয় তাই মাথা ঢেকে রাখবেন না । জ্বর ছাড়ার জন্য তাপ বের হয়ে যাওয়াটা জরুরি।