Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Jul 1, 2014 in ছোট্টমনি, জেনে রাখা ভাল, হাটি হাটি পা |

শূন্য থেকে তিন মাস বয়সঃ শিশুর বিকাশে কি করতে পারেন বাবা-মা?

শূন্য থেকে তিন মাস বয়সঃ শিশুর বিকাশে কি করতে পারেন বাবা-মা?

অনেকেই হয়তো অবাক হয়ে বলবেন শূন্য থেকে তিন মাস বয়সে শিশুর আবার কিসের মন আর কিসের মানসিক উন্নতি? কিন্তু অবাক করার মতো হলেও একথা সত্যি যে এই বয়সে শিশুর মস্তিষ্ক খুব বেশি সক্রিয় থাকে এবং এ সময় থেকেই শিশু নানান বিষয় সম্পর্কে জানতে শেখে। তাই কথা বলতে বা নিজের মনের ভাব প্রকাশ করতে না পারলেও এ সময় থেকেই সন্তানের মানসিক বিকাশে আপনি ভূমিকা রাখতে পারেন। কিন্তু কি করে? চলুন জেনে নেওয়া যাক।

১। একদম সদ্যজাত শিশুকেও বিভিন্ন রকমের বই দেখান, পড়ে শোনান। বিভিন্ন রঙের ছবি দেখতে আর আপনার মুখের কথা শুনতে আপনার সন্তানের ভালো লাগবে একথা নিশ্চিত।

২। সন্তানের সাথে সবসময় বেশি বেশি করে কথা বলুন। তার সাথে কথা বলে আকর্ষণ কেড়ে নিতে চেষ্টা করুন, হাসুন। জন্মের পর থেকেই পরিবারের সবার বিভিন্ন শব্দ, কথা থেকে শিশু বুঝতে পারবে সে আপনাদের কাছে কতটা মূল্যবান।

৩। হাই কন্ট্রাস্টের রঙ, বিভিন্ন ছবিসহ মোবাইল ফোন শিশুর দোলনার উপর বা বিছানার পাশে রাখুন। ফোনের শব্দ, ছবি তাকে আকৃষ্ট করতে সক্ষম হবে।

৪। শিশুকে মাঝে মাঝেই আয়নার সামনাসামনি হতে দিন। নিজেকে চিনতে, নিজের নড়াচড়া দেখতে আয়না আপনার সন্তানকে সাহায্য করবে যা তার মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমনভাবে আয়নাটি রাখতে চেষ্টা করুন যাতে শিশু খেলার সময় বা নড়াচড়ার সময় নিজেকে দেখতে পারে।

৫। এমন খেলনা শিশুর কাছে দিন যা শব্দ তৈরি করতে পারে কিংবা মিউজিক বাজাতে পারে। আপনার সন্তান এতে খেলনা স্পর্শ করে শব্দ তৈরি করতে শেখে।

৬। শিশুকে গান গাইয়ে শোনান, কিংবা মিউজিক প্লেয়ারে গান শোনান। আপনার সন্তান এটি নিঃসন্দেহে ভালোবাসবে আর তাঁর শোনার ও নড়াচড়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে।

মনে রাখবেন বয়স কম হলেও আপনার সন্তানের মস্তিষ্কের কার্যক্রম কিন্তু চলতেই থাকে। তাই সন্তানের এ ব্যাপারে যত্নশীল হোন।