শিশুর পানি পানের পরিমাণ কি করে বাড়াবেন?
পানি যে কোন মানুষের শরীরের জন্যই অপরিহার্য একটি উপাদান। এটি দেহকে হাইড্রেট করতে, মূত্রনালির কার্যক্রম স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অনেক শিশুর মাঝেই পর্যাপ্ত পানি পান না করার অভ্যাস লক্ষ্য করা যায়। কি করে আপনার সন্তানের পানি পান করার পরিমাণ বাড়াবেন? চলুন শিশুকে পানি পান করানোর পাঁচটি উপায় সম্পর্কে জেনে নেই।
১। যখনই শিশু খেলতে খেলতে হাঁপিয়ে উঠে তার সাথে পানি রাখার ব্যবস্থা করুন। যদি সে না চায় তাকে বলুন অল্প অল্প করে পানি পান করতে। এতে সে তৃষ্ণার্ত অবস্থায় একবার পানি পান আরম্ভ করলে প্রয়োজন মতো পানি পান করে তবেই থামবে।
২। পানি খাওয়াটা একটা মজার কাজ হিসেবে শিশুদের কাছে পরিচয় করিয়ে দিন তার প্রথম বয়স থেকেই। যেমন বরফ নিয়ে খেলা করতে করতে পানি খাওয়া, কিংবা কিছুটা ফলের ফ্লেভার পানির সাথে যোগ করে দেওয়া। এসব শিশুদের পানি খেতে উৎসাহিত করবে।
৩। শিশুর জন্য আলাদা একটি সুন্দর গ্লাস পানি খাওয়ার জন্য ব্যবহার করুন। কিংবা শিশুকে বলুন “এই গ্লাসে শুধু রাজকন্যা/রাজপুত্ররা পানি খায়”। এতে সে উৎসাহিত হবে আর আগের চেয়ে বেশি পানি পান করবে।
৪। শিশুকে খুব বেশি জোর না করে তাকে নিজের স্বাধীনতা দিন। তার সাথে করে একটি পানির বোতল দিয়ে রাখুন যাতে যখন তার খুশি সেইমত সে পানি পান করতে পারে। বারবার পানি খাওয়ার কথা বললে শিশু বিরক্ত হতে পারে।
৫। শিশুর পানির বদলে বিকল্প কিছু পান করার সুযোগ বন্ধ করে দিন। জুস, কোমল পানীয় সহ অন্যান্য পানীয় যদি আপনার সন্তান না পায় তবে সে পানিই পান করবে এবং এতে ধীরে ধীরে অভ্যস্ত হতে পারবে। আর মাঝে মাঝে কোমল পানীয় পান করার আগে শিশুকে পানি পান করতে দিন যাতে তার অন্যান্য পানীয় পান করার ইচ্ছা কমে যায়।


