সোনামণির জন্য মজার পানীয়ঃ আমের লাচ্ছি
অনেক শিশুই ফল খেতে চায় না বা পছন্দ করে না। কিন্তু প্রত্যেকটি শিশুর বিকাশেই ফল-মূল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন-এ, ভিটামিন-সি, ফলিক এসিড সহ গুরুত্বপূর্ণ নানান খাদ্য উপাদানে সমৃদ্ধ থাকে বিভিন্ন রকমের ফল-মূল। কিন্তু শিশু যদি খেতে না চায় তবে কি শিশু পুষ্টি পাবে না? নাহ! চিন্তার কিছু নেই। ফলের তৈরি মজার মজার সব খাবার দিয়ে আপনি শিশুর ফল খাওয়ার চাহিদা পূরন করতে পারেন সহজেই। এছাড়া এসব ফলের সাথে পুষ্টি সম্পন্ন সব খাদ্য উপাদান মিশিয়ে ফলের গুনাগুণকে বাড়িয়ে দিতে পারেন বহুগুণে। আজ এমন একটি পানীয় তৈরির কথা বলছি যা খুব সহজেই এই সময়ে আপনি আপনার সন্তানের জন্য তৈরি করতে পারবেন।
আমের লাচ্ছিঃ
আম এই ঋতুর সবচেয়ে সহজলভ্য ফল। আম স্বাভাবিকভাবে খাওয়া ছাড়াও আম দিয়ে তৈরি করতে পারেন মজার লাচ্ছি যা শিশু মজা করেই খেয়ে নেবে আর প্রয়োজনীয় পুষ্টিও পাবে সহজেই। আম ছাড়াও লাচ্ছি তৈরি করতে পারেন স্ট্রবেরী, আঙ্গুর এর মতো ফলগুলো দিয়ে।
যা যা লাগবেঃ
১/২ কাপ কুচি করে কাটা পাকা আম।
১/২ কাপ দই।
বরফ কুচি।
২ কাপ দুধ (শিশুর বয়স যদি দুই বছরের বেশি হয় তবে ফ্যাট মুক্ত দুধ প্রয়োজন হবে)।
১/২ চামচ মধু।
এই সমস্ত উপকরণ ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করে নিন। ঝটপটই আপনার সন্তানের জন্য আমের বদলে তৈরি হয়ে যাবে মজাদার আমের লাচ্ছি যা থেকে আমের পুষ্টি ছাড়াও শিশু পাবে দুধ, মধু ও দইয়ের পুষ্টি। তাই আমের এই ভরা সময়ে শিশু ছাড়াও পরিবারের সবাইকে দিতে পারেন পুষ্টিকর এই পানীয়টি।


