শিশুর ত্বকের যত্নে করনীয় পাঁচ
শিশুর নরম কোমল ত্বক নিয়ে বাবা-মায়ের এক ধরনের আকর্ষণ কাজ করে সবসময়। শিশুর সুন্দর, সুস্থ ত্বকের স্পর্শ বাবা-মা’কে নিজেদের স্বত্তা নতুন করে যেন আবিষ্কার করতে শেখায়। শীত তো আসি আসি করে চলেই এলো। এই সময় শিশুর ত্বকের জন্য দরার হয় একটু বাড়তি যত্ন আত্তি। যাতে করে শিশুর নরম কোমল ত্বকে রুক্ষতার কোন আঁচ না পড়তে পারে। তাই শিশুর নরম কোমল ত্বকের জন্য করনীয় পাঁচটি টিপস চলুন আজ জেনে নেইঃ
১। গোসল করানোর সময় শিশুর বিশেষ যত্ন নিন। শিশুর ত্বকের উপযোগী সাবান, শ্যাম্পু, লোশন এসব ব্যবহার করুন। কোনভাবেই অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান কিংবা বড়দের জন্য তৈরী শ্যাম্পু, লোশন ব্যবহার করবেন না। এতে শিশুর ত্বকের ক্ষতি হবার পাশাপাশি বিভিন্ন চর্মরোগ হতে পারে।
২। সরাসরি শিশুর শরীর যাতে রোদে না পোড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া সূর্যের অতি বেগুনী রশ্মি থেকে শিশুকে বাঁচাতে হ্যাট ব্যবহার করতে পারেন। প্রখর রোদে শিশুকে নিয়ে কোন রকম ছাতা কিংবা ছায়া ছাড়া বেশিক্ষণ থাকবেন না।
৩। শিশুর শরীর মালিশ করার ক্ষেত্রে কিংবা ভেজা কাপড় ছাড়ানোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। কোনভাবেই যাতে শিশুর শরীরের উপর কিংবা ত্বকের উপর চাপ না পড়ে।
৪। শিশুর কাপড় চোপড়ের ব্যাপারে সচেতন থাকতে হবে সবসময়। সূতি, হালকা কাপড়ই শিশুর ত্বকের জন্য ভালো হবে। এছাড়া শীতের সময় শিশুর সোয়েটার বাছাইয়ের ক্ষেত্রেও শিশু যাতে সর্বোচ্চ আরাম পেতে পারে সেদিকে নজর দিতে হবে।
৫। শিশুর ত্বকের সুরক্ষায় ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন।


