শিশুর স্বাস্থ্যকর সকালের খাবারঃ কি এবং কেমন হতে পারে?
একটা দিন পার হতে না হতেই আরেকটা দিনের শুরু নিয়ে ভাবনা শুরু করতে হয় একজন মায়ের। সকালের নাস্তা কি হবে, কেমন হবে আর কি করে তাকে বৈচিত্রময় করা যায় তা নিয়ে মায়ের চিন্তার অন্ত থাকে না। আর পরিবারে যদি থাকে দুই থেকে পাঁচ বছর বয়সের এক ছোট্ট সদস্য তবে তো কথাই নেই। সকাল সকাল খেতে চায় না এমন অনেক শিশুই রয়েছে। কিন্তু সকালে নাস্তা সারাদিনের জন্য অনেক বেশি গুরুত্বপুর্ণ একটি খাবারের সময়। এই সকালের খাবার নিয়েই আজকের কিছু কথাঃ
কেন ব্রেকফাস্ট প্রয়োজন?
- সকালের খাবার সারাদিনের সকল কাজের শারীরিক এবং অনেকটা মানসিক শক্তির যোগান দিয়ে থাকে।
- ব্রেকফাস্ট ব্রেইন পাওয়ার হিসাবে খুব ভালো কাজ করে। বিশেষ করে ব্রেকফাস্টে দানাদার এবং আঁশযুক্ত খাবারে শিশুর মনোযোগ শক্তি এবং স্মরণ ক্ষমতা বৃদ্ধি পায়।
- ওজন নিয়ন্ত্রনে রাখতে, রক্তের কোলেস্টরেলের মাত্রা স্বাভাবিক রাখতে সকালের সুষম, পুষ্টিকর খাবার অনেক বেশি গুরুত্বপূর্ণ।
কেমন হবে ব্রেকফাস্ট?
- সকালের খাবারে সুষম একটি পরিবেশনা রাখতে শর্করা, আমিষ বা প্রোটিন এবং ফাইবারের সমন্বয় রাখতে হবে। এতে করে দিনের শুরুতেই সুন্দর একটি শক্তিসম্পন্ন খাবার পেতে পারে।
- পরিবারের সবাইকে সকালের খাবার খাওয়ার কিছুটা আগে (অন্তত দশ মিনিট) বিছানা ছেড়ে উঠতে উৎসাহিত করুন।
- তাজা ফলমূল, কলা, এবং অন্যান্য সব খাবার আগের রাতে খাওয়ায়র জন্য টেবিলে প্রস্তুত রাখলে সবার জন্যেই সুবিধা হয়।
- শিশুর জন্য খুব বেশি না হলেও দু’টি অপশন রাখুন যাতে সে একটু পছন্দ না করলেও আরেকটি খাবার খেয়ে নিতে পারে। যেমন, শিশু রুটি খেতে না চাইলে মাঝে মাঝে তাকে পাউরুটি খেতে দিন।
- সকালের খাবারের সাথে সাথে টিফিন যাতে একই উপায়ে তৈরি করার ব্যবস্থা রাখা যায় সেদিকে খেয়াল রাখলে মায়ের অনেক সময় বাঁচবে।


