শিশুর প্রথম জন্মদিনঃ কি দিতে পারেন উপহার?
এইতো সেদিন সন্তানের জন্ম হলো আর এর মাঝেই এক বছর পূর্ণ হয়ে গেলো!! সন্তানের প্রথম জন্মদিনে এ কথা মনে হয় না এমন বাবা-মা পাওয়া কষ্টসাধ্য। প্রত্যেকে বাবা-মায়ের সন্তানের প্রথম জন্মদিন নিয়ে আলাদা এক ধরণের অনুভূতি কাজ করে। অনেকেই আবার সাধ্যমতো অনুষ্ঠান করতে চেষ্টা করে থাকেন। এই বয়সের শিশুর কিছুই মনে থাকে না তবে শিশুকে জন্মদিনের উপহার হিসেবে দেওয়ার জন্য এমন কিছু বেছে নিতে পারেন যা শিশুর মানসিক উন্নতিতে ভূমিকা রাখতে পারবে, সন্তানকে ভালো একটি জীবন দিতে পারবে। কি ধরণের উপহার সন্তানের কাজে লাগতে পারে? একটু ধারনা নেওয়া যাক।
- বইঃ শিশুর প্রথম জন্মদিনের উপহার হিসেবে বই একটু বেমানান লাগছে না? কিন্তু এই সময় থেকেই শিশুকে বিভিন্ন গল্পের বই পড়ে শোনালে তা শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করতে পারে। আর ভবিষ্যতে শিশুর বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।
- বিভিন্ন রঙের, সংখ্যার বা অক্ষরের ব্লক শিশুর জ্ঞান বিকাশে ভালো ভূমিকা রাখে। আর এটি হতে পারে শিশুর জন্মদিনের আদর্শ এক উপহার। শিশু রঙ, অক্ষর, সংখ্যা চেনার পাশাপাশি ব্লকের সাহায্যে বিল্ডিং তৈরির কাজটিও মজার একটি খেলা হিসেবে নিতে পারে।
- বিভিন্ন রকমের সহজ পাজল, বিভিন্ন শেপের খেলনাও শিশুর জন্য ভালো উপহার হতে পারে।
- একটি এক বছর বয়সের শিশু খেলনা ফোন পেয়ে দারুণ খুশি হতে পারে এই ভেবে যে তার বাবা-মায়ের মতো নিজেরও একটি ফোন আছে।
- শিশুর বর্তমান খুশির ব্যাপারে অনেক কিছুই বলা হলো। কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বেছে নিতে পারেন কিছু আর্থিক সঞ্চয়। এতে সন্তানের ভবিষ্যৎ নিয়ে বাবা-মা নিশ্চিত হতে পারেন।
সবশেষে বলে নেওয়া যাক, আপনি আপনার সন্তানকে কি উপহার দেবেন তা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে শুধুমাত্র আপনাকে সাহায্য করার জন্য কিছু উপায় দেওয়া হয়েছে। নিজেকে কি করে সন্তানের কাছে আদর্শ করে তুলতে পারেন সে ব্যাপারে সচেতন থাকার জন্য রইলো শুভকামনা।


