শিশুর পেট ব্যথাঃ কেন হয় আর কি করা উচিৎ?
মাঝরাত, হঠাৎ জেগে উঠলেন আর দেখলেন আপনার সন্তান পেট আঁকড়ে ধরে কাঁদছে আর বলছে, “মা, আমার খুব পেট ব্যথা করছে”। নাহ! এমন দৃশ্য কোন বাবা মায়েরই দেখতে ভালো লাগার কথা নয়। পেট ব্যথা খুব সাধারণ একটি ব্যথা মনে হলেও এটিই ভবিষ্যতে হয়ে উঠতে পারে বড় কোন রোগের উপসর্গ। তাই শিশুর অন্য সব বিষয়ের মতো এতেও মোটেও অবহেলা চলবে না। চলুন জেনে নেওয়া যাক বিভিন্ন কারণে পেট ব্যথার বিভিন্ন ধরণ আর পেট ব্যথা এড়িয়ে চলার সাধারণ কিছু উপায়ঃ
- পাকস্থলীর কোন সমস্যা শিশুদের পেট ব্যথার অন্যতম একটি কারণ। খাবারে অনিয়ম, কোন গুরুপাক খাবারদাবার সহ আরও বিভিন্ন কারণে পাকস্থলী বেঁকে বসতে পারে যেকোনো সময় আর সৃষ্টি করতে পারে প্রচণ্ড পেট ব্যথার।
- শিশু ডায়রিয়া বা অন্য কোন রোগের কারণে পেটের সমস্যায় ভুগতে পারে যা পেট ব্যথার আরও একটি কারণ। ডায়রিয়া, আমাশয়, কোষ্ঠকাঠিন্যসহ বিভিন্ন পানি বাহিত রোগের কারণেই প্রধানত শিশুরা পেট ব্যথায় ভুগে থাকে।
- শিশুর বাথরুমে কোন সমস্যা হলে বা অনেকক্ষণ ধরে না হলে তা পেট ব্যথার কারণ হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে শিশুদের পেট এই কারণেই ব্যথা করে।
- আশ্চর্যজনক হলেও সত্য যে কাশি, নিউমোনিয়া, কানে ইনফেকশনের মতো সমস্যাগুলোও শিশুর পেট ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।
- আরও একটি দুঃখজনক ব্যাপার হলো অনেক শিশু কম বয়সেই অ্যাপেন্ডিক্স এর ব্যথায় আক্রান্ত হয় যা মারাত্মক সমস্যার সৃষ্টি করে পারে।
উপরোক্ত কারণগুলোই বিভিন্ন সময়ে শিশুর পেট ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাই বাবা-মাকে বুঝতে হবে কোন কারণে শিশুর পেট ব্যথা করছে আর সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আর নিজেরা বুঝতে না পারলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
শিশুর রক্ষাকবজঃ
পেটব্যথার ক্ষেত্রে বেশ কিছু সাধারণ পূর্বপ্রস্তুতি রয়েছে যা আপনার শিশুকে পেট ব্যথার হাত থেকে বাঁচিয়ে রাখতে পারে আর তা হলোঃ
- শিশুকে প্রয়োজনের অতিরিক্ত খাওয়াবেন না।
- ফাইবার সমৃদ্ধ শাক সবজি ও ফলমূল বেশি করে খাওয়ান।
- শিশুর খাওয়ার আগে ভালো করে হাত ধুইয়ে দিন।
- ঘুমানোর ঠিক আগে আগে শিশুকে খাওয়াবেন না।
- বাইরের খাবার খাওয়ানোর ব্যপারে সতর্ক থাকুন।


