শিশুর কান্নাঃ ইনফ্যান্টাইল কলিক
শিশুদের এক ধরনের কান্না আছে যা শিশুর ২/৩ সপ্তাহ বয়স থেকে শুরু হয়ে ৩ মাস পর্যন্ত থাকে। সারাদিন তারা ভাল থাকে, বিকেল বা সন্ধ্যা থেকে এরা কান্না শুরু করে দেয়। অবিরাম কাঁদতে থাকে এবং এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আর এই অবস্থা চলতে থাকে নিত্যদিন। কোন কোন সময় কান্নার সাথে সাথে পা উপরের দিকে ছুঁড়তে থাকে বা কুঁচকে যায়। খাবার দিলে দুই-এক ঢোক গিলে আবার কাঁদতে থাকে। কোলে নিয়ে ঝাঁকালে একটু চুপ থেকে আবার কান্না শুরু করে। কোনভাবেই তাদেরকে শান্ত করা যায় না। এই ধরনের কান্নার নানান কারন থাকতে পারে তবে পেটের ব্যথা এদের অন্যতম। একে চিকিৎসকেরা ‘তিন মাসের পেট ব্যথা’ বা ‘থ্রি মান্থস্ কলিক’ অথবা ‘ইনফ্যান্টাইল কলিক’ বলে থাকেন।
শিশুর এই ধরনের কান্নার সময় সান্ত্বনা দিলে শিশু শান্ত না হলেও শিশুকে আদর করতে হবে, কোলে নিয়ে হাটাহাটি করতে হবে, কাঁধে ফেলে পিঠে মৃদু চাপড় দিতে হবে, তাতে পেটের গ্যাস কিছুটা বের হয়ে গেলে শিশু আরাম পেতে পারে। এতেও বাচ্চার কান্না না থামলে বাচ্চাকে উপুড় করে শুইয়ে দিতে হবে এবং মাক মুখ বন্ধ না হয় এমনভাবে মাথা একদিকে কাৎ করে দিতে হবে। অনেক সময় পেটে হালকা সেঁক দিলে বা পেটের চারপাশে মালিশ করে দিলে পেটের ব্যথা কমে যায়।


