শালদুধ কি এবং এর উপকারিতা কতটুকু?
শিশু জন্মের পর তৃতীয় দিনে মায়ের বুকে আসল দুধ আসার আগ পর্যন্ত যে হলদেটে তরল পদার্থ বের হয়, তাকেই বলে শালদুধ। শালদুধ পরিমাণে থাকে অল্প, কিন্তু এতে আমিষ আর শ্বেতসার/ শর্করার ভাগ থাকে অনেক বেশি আর চর্বি বা মাখন জাতীয় উপাদানের পরিমাণ থাকে খুব কম। কারন, শিশুর অপরিপক্ক যকৃত চর্বিজাতীয় খাবার হজম করার উপযুক্ত তখনো হয় না। শালদুধে আরেকটা উপাদান প্রচুর পরিমাণে থাকে, তা হলো ‘ইমিউনোগ্লোবিউলিন’। এই ইমিউনোগ্লোবিউলিনগুলোর রোগ প্রতিরোধের ক্ষমতা থাকে অনেক বেশি। শালদুধের মাধ্যেমে মায়ের শরীর থেকে ইমিউনোগ্লোবিউলিনগুলো শিশুর শরীরে গিয়ে শিশুকে অনেকগুলো রোগের আক্রমণ থেকে রক্ষা করে। তাই শালদুধকে বলা হয় শিশুর প্রথম টিকা। প্রথম সপ্তাহের মধ্যেই শালদুধ রূপান্তরিত হয়ে আসল দুধ হয়ে যায়।


