হাটি হাটি পা সাক্ষাৎকার (পর্ব-২) : ডাঃ কাজী নওশাদ-উন-নবী
সম্প্রতি দেশের খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ ডাঃ কাজী নওশাদ–উন–নবী শিশু স্বাস্থ্য বিষয়ক গুরূত্বপূর্ণ তথ্য দিয়েছেন হাটি হাটি পা ডট কম এর সাথে এক একান্ত সাক্ষাৎকারে। সাক্ষাৎকারটি নিয়েছেন হাটি হাটি পা এর ডাঃ নাজমুল কবির।
হাটি হাটি পাঃ প্রি-টার্ম নবজাতকের কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন?
ডাঃ কাজী নওশাদ–উন–নবীঃ যেসকল শিশু নির্দিষ্ট সময়ের পূর্বেই জন্ম নিয়ে থাকে, তাদেরকে প্রি-টার্ম বেবি (Pre-term Baby) বলা হয়ে থাকে। প্রি-টার্ম বেবি (Pre-term Baby) এর জন্মগ্রহনের পরে শিশুর শারীরিক অবস্থা বিবেচনা করে নিম্নলিখিত কাজগুলো করতে হবে।
১. সাধারনত প্রি-টার্ম বেবির ওজন কম হয়ে থাকে আর শরীর ঠান্ডা হয়ে থাকে। তাই এ অবস্থায় নবজাতককে গরম কাপড় দিয়ে পেচিয়ে রাখতে হবে। প্রয়োজনে ঘর গরম রাখার জন্য রুম হিটার ব্যবহার করা যেতে পারে।
২. নবজাতকের মাথা যথাসম্ভব ঢেকে রাখতে হবে।
৩. নিয়মিত শিশুর নাভীর যত্ন নিতে হবে।
৪. শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে।
৫. ওজন কম হলে, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক না থাকলে সময়ক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে অথবা নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করাতে হবে।
হাটি হাটি পাঃ শিশুর জন্মের পর সুস্থ্যতার জন্য কি কি করনীয়? নবজাতকের কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন?
ডাঃ কাজী নওশাদ–উন–নবীঃ
১. শিশুকে অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। বুকের দুধ ডায়রিয়া থেকে শুরু করে বিভিন্ন জটিল সংক্রমণের প্রতিরোধক হিসেবে কাজ করে থাকে।
২. শিশুর সার্বিক পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
৩. অযথা শিশুর কাছে ভিড় করা উচিৎ নয়।
৪. নবজাতককে কোলে নেয়ার আগে অবশ্যই হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। এক্ষেত্রে হ্যান্ড স্টেরেলাইজার ব্যবহার করা যেতে পারে।
৫. শিশুকে সময়মত সবগুলো টিকা দেয়া নিশ্চত করতে হবে।
৬. শিশুর নাভি সবসময় পরিস্কার রাখতে হবে।
৭. নবজাতকের মুখে মধু অথবা চিনি দেয়া যাবে না।
৮. শিশু নিওনেটাল জন্ডিসে আক্রান্ত কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। শিশুর চোখ ও গায়ের রং বেশি হলুদ হলে প্রতিদিন সকালে এক থেকে দেড় ঘন্টা রোদে রেখে দিতে হবে। এসময় অবশ্যই শিশুর চোখ এবং জেনিটাল অর্গান ঢেকে রাখতে হবে।


