সুস্থ শিশু পেতে গর্ভবতীর জীবনযাত্রার পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়
একটি সুন্দর সুস্থ শিশুর জন্মের জন্য মায়ের বেশ কিছু করণীয় রয়েছে যা বেশ কিছুবার আলোচনায় এসেছে। সুস্থ ও সবল ভাবে শিশু জন্মের জন্য মায়ের জীবনযাত্রায় বেশ কিছু পরিবর্তন দরকার। আগে থেকে অভ্যস্ত না হলেও এ সময় এসব ব্যপারে অভ্যস্ত হওয়াটা বেশ গুরুত্বপূর্ণ। জেনে নিন এমনি পাঁচটি বিষয়ঃ
- খাদ্যতালিকায় রাখুন দই ও মাছঃ দই ও মাছ এমন দুটি খাদ্য উপাদান যা একজন গর্ভবতী মায়ের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। দইয়ে বিদ্যমান প্রোটিন মায়ের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। তাই খাদ্যতালিকায় আইসক্রিম বাদ দিয়ে রাখতে পারেন দই। অনেক গর্ভবতী মায়েরাই এই সময় মাছ খেতে চায় না বিভিন্ন কারণে। কিন্তু মাছ প্রোটিনের গুরুত্বপূর্ণ উৎস এবং সেইসাথে প্রতিদিন খাদ্যতালিকায় মাছ থাকলে তা সুষম খাদ্য উপাদান নিশ্চিত করে।
- প্রয়োজনীয় ভিটামিনঃ মায়ের খাদ্য তালিকায় সব ধরণের খাবার থাকা সত্ত্বেও অনেক সময় গর্ভকালীন অবস্থায় মায়ের শরীরে অতিরিক্ত অনেক খাদ্য উপাদান যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম সহ বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে আয়রন বা ক্যালসিয়াম ওষুধ খেতে পারেন।
- বাদ দিন প্যাকেটজাত ফ্যাটঃ ফ্যাট বা চর্বিজাতীয় প্যাকেটজাত বিভিন্ন খাদ্যে অনেক সময় খাদ্য সুস্বাদু করার জন্য এমন কিছু উপাদান ব্যবহার করা হয় যা মা ও তার গর্ভের শিশু উভয়ের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই এসব খাদ্য যথাসম্ভব পরিহার করুন।
- প্রতিদিন হাঁটুন ও শরীরকে আরাম দিনঃ প্রতিদিন কিছুটা সময় আপনার সঙ্গীকে নিয়ে হাটুন। এতে শরীর ও মন দুটোই ভালো থাকবে। তাছাড়া গর্ভবতী মা নিজের শরীরকে চাপমুক্ত রাখার জন্য শরীরে বিভিন্ন ম্যাসাজ নিতে পারেন।
- চিনি করুন পরিহারঃ অতিরিক্ত চিনি গর্ভকালীন ডায়বেটিস সহ মা ও শিশুর অনেক মারাত্বক সমস্যা ডেকে আনতে পারে। তাই যথাসম্ভব চিনি পরিহার করুন খাদ্যতালিকা থেকে।


