শিশুকে ঔষুধপত্র খাওয়ানো নিয়ে সাবধানতা
সেই ছোট্টটি থেকে সন্তানের চার/পাঁচ বছর বয়স পর্যন্ত বাবা মায়ের নিত্যসঙ্গী এক জিনিস সন্তানের নানা রকমের ঔষুধপত্র। আজ জ্বর আর কাল ঠান্ডা, নয়তো এলার্জি একটার পর একটা সমস্যা পিছনে লেগেই আছে, আর সেই সঙ্গে রয়েছে নানা রকমের ঔষুধপত্র। কিন্তু না জেনে বুঝে শুধু ওষুধ খাওয়ালেই তো চলবে না। মেনে চলতে হবে সাবধানতার কিছু পন্থা। আসুন জেনে নেই শিশুকে ওষুধ খাওয়ানোর বিষয়ে যেসব ব্যপারে সাবধান হতে হবে সে ব্যপারে কিছু কথাঃ
- শিশুকে ঔষুধ খাওয়ানোর আগে চিকিৎসকের সাথে পরামর্শ করে নিশ্চিন্ত হোন এই ঔষুধের কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা। আর সেই পার্শ্বপ্রতিক্রিয়া আপনার সন্তানের উপর কোন প্রভাব ফেলবে কিনা। এব্যপারে ভালোভাবে জেনে নিন চিকিৎসকের কাছ থেকে।
- ঔষুধ কেনার সময় ব্যবহারবিধি সম্পর্কে ভালোভাবে জেনে নিন এবং কিভাবে কোথায় ঔষুধটি সংরক্ষন করতে হবে সে ব্যপারেও জেনে নিন।
- সাধারনত শূন্য থেকে এক বছর পর্যন্ত শিশুদের ঔষুধ খাওয়াতে ড্রপ ব্যবহার করা হয়। খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন ড্রপে ওষুধের মাত্রা চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সঠিক পরিমাণে পড়ে। কোনভাবেই যাতে কম বেশি না হয়।
- কিছু কিছু ওষুধ রয়েছে যা শিশুর ওজনের উপর নির্ভর করে পরিবর্তিত করা হয়ে থাকে। তাই শিশুর ওজন সম্পর্কে নিজে সর্বদা অবহিত হোন, আপনার চিকিৎসককেও অবহিত করুন।
- কখনোই নিজের সিদ্ধান্তে সন্তানের ওষুধ বা ওষুধের ডোজ পরিবর্তন করবেননা। ওষুধ কাজ না করলে কিংবা শিশুর সমস্যা বেড়ে গেলে চিকিৎসকের কাছে যান। ভুলেও নিজের কারিগরি বিদ্যা দেখাবেন না।
- আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়,অন্য কোন শিশুর ওষুধ বা প্রেসক্রিপশন নিজের সন্তানের উপর প্রয়োগ করবেন না। প্রত্যেক শিশুই বিভিন্ন বৈশিষ্টের দিক থেকে আলাদা হয়। এরকম কিছু আপনার সন্তানের শরীরে মারাত্বক বিপর্যয় আনতে পারে।
আশা করি আপনি আপনার সন্তানের ঔষুধের ব্যপারে উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে সচেতন হবেন আর সন্তানের সুস্থ্য ভবিষ্যৎ গঠনে সচেষ্ট হবেন।


