যদি আটকে যায় গলায় মাছের কাঁটা
অসাবধানতায় খাওয়ার কারনে অনেক সময় মাছের কাঁটা গলায় আটকে যায়। বেশির ভাগ ক্ষেত্রেই কাঁটা গলার ভেতরের খাঁজে আটকে থাকে, গেঁথে থাকে না। আর শিশুদের গলায় যখন মাছের কাঁটা বিঁধে, অধিকাংশ ক্ষেত্রেই তখন তা তাদের গলার ভিতরের টনসিলে বিঁধে থাকে। কেননা শিশুদের টনসিল স্বাভাবিকভাবেই আকারে একটু বড় থাকে। গলায় কাঁটা আটকে থাকলে বা বিঁধলে ঢোক গিলতে গলায় ব্যথা অনুভব হয়।
চিকিৎসাঃ
গলায় কাঁটা আটকে থাকলে কয়েক ঢোক পানি খেলে তা পানির ধাক্কায় পাকস্থলীতে নেমে চলে যায়। তারপরেও না গেলে কিছুক্ষণ পর পর কয়েক ঢোক পানি খেতে হবে। শুকনো ভাত দলা করে বা চিড়ে-মুড়ি কলা খাওয়ানোর কোন প্রয়োজন নেই। কেননা খাঁজে আটকে থাকা কাঁটাকে এরা স্পর্শ করতে পারে না আর বিঁধে থাকা কাঁটাকে ধাক্কা দিলে কাঁটাটা আরো পোক্ত হয়ে গেঁথে যেতে পারে। যে কাঁটা সরে যাবার সেটা এমনিতেই ঢোক গেলার এক পর্যায়ে গলা থেকে সরে যাবে। এরপরেও যদি গলায় কাঁটা থেকে যায় তবে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসকেরা একটা চিমটা দিয়ে বিনা কাটা ছেড়া বা বিনা রক্তপাতে গলার ভেতর থেকে কাঁটা তুলে নিয়ে আসতে পারেন।


