কিভাবে তৈরি হয় মায়ের বুকের দুধ?
মাতৃগর্ভে ভ্রূণ সঞ্চারিত হবার সাথে সাথে শিশুর আগমনীবার্তা মায়ের দেহে প্রচার হয়ে যায়। মস্তিষ্ক ও দেহের কিছু গ্রন্থি এবং জরায়ুর ফুলের নিঃসৃত হরমোনের প্রভাবে স্তনে দুধ তৈরির প্রক্রিয়া চলতে থাকে। স্তনের কোষগুলো বাড়তে থাকে এবং এই কোষেই দুধ তৈরি হয়।
একথা ঠিক যে মায়ের শরীর সুস্থ থাকলে হরমোনের নিঃসরণ ঠিকমতো হয় এবং সেই সাথে স্তনের গঠন ঠিক থাকলে বুকের দুধ না হওয়ার কোনোই কারন নেই, তারপরও শিশুকে দুধ খাওয়ানোর জন্য মায়ের মানসিক প্রস্তুতি ও ইচ্ছার অভাব বুকের দুধ তৈরির প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে।
বাচ্চাকে বুকের দুধ খাওয়াব, এই ইচ্ছাই স্তনে দুধ সঞ্চার করে। একে বলে ইচ্ছা শক্তি। মায়ের ইচ্ছা শক্তি জন্মায় শিশুর প্রতি তাঁর কর্তব্যবোধ, মায়ের দুধের বিকল্পহীনতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জ্ঞান, দুধ খাওয়ানোর জন্য মানসিক প্রস্তুতি এবং উৎসাহ ও প্রেরণার মাধ্যমে। সব আত্মীয়-স্বজন, পরিবার পরিজন এবং চিকিৎসকদের মাকে এ ব্যাপারে সব সময় জ্ঞান দান করতে হবে এবং প্রেরণা যোগাতে হবে।
মায়ের স্তনে দুধ তৈরির প্রক্রিয়া সম্পন্ন হওয়াটাই কিন্তু শেষ কথা নয়। প্রসবের পর স্তন থেকে দুধ সরবরাহও একটি প্রধান বিষয়। এই দুধ সরবরাহের ব্যাপারটি মায়ের ইচ্ছা শক্তির সাথে সাথে শিশু মায়ের স্তনবৃন্ত বা বোঁটা চোষার উপরও নির্ভর করে। শিশু যত বেশি চুষবে তত বেশি দুধ সরবরাহ হবে।


