নবজাতকের পোশাক-আশাক
নবজাতকের কাপড় চোপড় নরম, আরামদায়ক, কম ওজনের এবং ঢিলাঢালা হওয়া উচিৎ যাতে সহজে পরানো ও খোলা যায় এবং কাপড় প্রা অবস্থায় ন্যাপি বদলানো যায়। কারন ছোট শিশুর ন্যাপির ভেতরটা বার বার দেখার প্রয়োজন হয় এবং প্রয়োজন অনুযায়ী বদলাতে হয়। সাধারনত শিশুর সামনের অথবা পিঠের দিক থেকে খোলা যায় এমন পরিধেয় পরানো ভাল। যেসকল পরিধেয় শিশুর মাথা গলিয়ে পরাতে হয় সেগুলো পরানো যেমন কষ্টকর তেমনি শিশুর জন্য বিরক্তিকর। নব্জাতকের জন্য অনেক এবং দামী জামাকাপড় কেনা ঠিক নয় কেননা তাদের বাড়ন্তি দ্রুত বলে অল্প কয়েকদিনের মধ্যেই বর্তমান মাপের জামাকাপড় ছোট হয়ে যায়।
নবজাতকের জন্য ৮-১০ টা ন্যাপি প্রয়োজন, কেননা তারা দিনে বেশ কয়েকবার মলমূত্র ত্যাগ করে। ন্যাপি গেঞ্জি কাপড় জাতীয় এবং শোষণধর্মী হওয়া বাঞ্ছনীয়। আজকাল ডিসপোজিবল অর্থাৎ একবার ব্যবহারযোগ্য ন্যাপি (ডায়াপার) কিনতে পাওয়া যায়, খরচ একটু বেশি হলেও এগুলো ব্যবহার যেমন ঝামেলাবিহীন, তেমনি নিরাপদ। বিশেষ করে ভ্রমণকালীন সময়ে ডায়াপারের বিক্লপ নেই। ডায়াপার প্রানোর সময় ছেলে শিশুদের যৌনাঙ্গে যেন বেশি চাপ না পড়ে সেজন্য সামনের দিকটা কিছুটা ঢিলেঢালা রাখতে হবে।
শিশুর কাপড়-চোপড় সম্পূর্ন আলাদাভাবে রাখতে হবে এবং পরানোর পুর্বে ভালভাবে ঝেড়ে দেখে পরাতে হবে। প্রতিবার ব্যবহারের পর শিশুর জামা কাপড় সাবান দিয়ে ভালভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। শিশুর ঘরে কোন ময়লা বা ভিজা কাপড় রাখা একদম অনুচিৎ। কম্বল বা উলের কাপড় যা প্রতিবার ব্যবহারের পর ধোয়া যায় না সেগুলো নিয়মিত রোদে দেয়া উচিৎ।


