এই সময়ের সমস্যা- শিশুর ঘামাচি
গরমটা বেশ জেঁকে বসেছে আজকাল। আমরা বড়রাই নিজেদের ঠিক রাখতে পারছিনা,সেখানে শিশুদের অবস্থা আরো বেশি নাজুক। গরমের নানা অসুস্থতায় আক্রান্ত হচ্ছে শিশুরা। এর মধ্যে ঘামাচির সমস্যা অন্যতম। একে তো শিশুরা গরমে নাজেহাল হয়, তাঁর উপর ঘামাচি বা হিট র্যা শ বেশ যন্ত্রনা করে পরিস্থিতি বেশ অসহনীয় হয়ে পরে তখন। তাই শিশুর ঘামাচি সম্পর্কে আজ বিস্তারিত রয়েছে হাঁটিহাঁটিপা এর আয়োজনে।
কোথায় আক্রমণ বেশি হয়?
সাধারণত ঘামাচি বা হিট র্যা শ শরীরের ভাজে যেমন কনুই, হাঁটুর ভাঁজ, গলা এসব স্থানে দেখা যায়। এছাড়া খুব আঁটসাঁট জামাকাপড়ের কারণে কিংবা কাপড়ের যে অংশ শরীরের সাথে লেগে থাকে সেখানেই ঘামাচি বেশি দেখা যায়। এছাড়া গরম বেশি হলে মুখমন্ডল, মাথার ত্বকেও ঘামাচি হতে দেখা যায়।
কেন ঘামাচি হয়?
গরমে শিশুর শরের থেকে ঘাম বের হয় খুব স্বাভাবিকভাবে। কিন্তু যখন শিশু অতিরিক্ত ঘামতে থাকে তখন খুব দ্রুতই ঘামাচি শিশুর শরীরে বসে যায় যা থেকে ঘামাচি সৃষ্টি হয়। এছাড়া বেশ কয়েক লেয়ারের কাপড় পরে থাকাও ঘামাচির একটি বড় কারণ। এতে শরীরে স্বাভাবিক বাতাস চলাচল বাধাপ্রাপ্ত হয় ও ঘামাচির সৃষ্টি হয়।
ঘামাচি কিংবা হিট র্যা শ কি খুব ক্ষতিকর কিছু?
না, তবে এটি আপনাকে বুঝিয়ে দেয় যে আপনার সন্তানের শরীর প্রয়োজনের চেয়ে অনেক বেশি গরম। তবে সচেতন না হয়ে এই অবস্থা চলতে থাকলে তা হিটস্ট্রোকের কারণ হতে পারে।
ঘামাচি কি শিশুর জন্য কষ্টকর?
এটি চামড়ার ধরন এবং গরমের প্রকৃতি অনুসারে অনেক সময়ই ভিন্নরকম হয়। তবে ঘামাচিতে সবচেয়ে বড় সমস্যা হলো চুলকানি। এবং মাঝে মাঝে ঘামাচি অতিরিক্ত পর্যায়ে পৌছে গেলে শরীরে তীব্র জ্বলুনি হতে পারে।
করণীয় কি?
১। শিশুকে যথাসম্ভব উপায়ে ঠান্ডা রাখুন। কাপড় যতটা হালকা পরানো যায় ততই ভালো।
২। শিশুকে খুব বেশিক্ষণ যাতে রোদে না থাকতে হয় সেদিকে খেয়াল রাখুন। খুব বেশিক্ষণ বাইরে থাকতে হলে অবশ্যই সাথে ছাতা রাখুন।
৩। শিশু ঘেমে গেলে যত দ্রুত সুতির তোয়ালে দিয়ে গা মুছে, কাপড় বদলে দিন।
৪। গোসলের পানিতে কিছুটা বেকিং সোডা ব্যবহার করে দেখতে পারেন। এটি ঘামাচি উপশম করতে ভালো কাজে দেয়।
৫। ঘামাচির উপর অযথা ব্যাথা কিংবা জ্বলুনির মলম কিংবা অয়েন্টমেন্ট লাগাবেন না।
৬। ফ্যান কিংবা বাতাস চলাচলের ব্যাপারটি সম্পর্কে সচেতন হোন। শিশুকে সরাসরি ফ্যানের সামনে রাখবেন না।
৭। শিশুর নখ যাতে ছোট থাকে সেদিকে খেয়াল রাখবেন। তানাহলে চুলকানি থেকে সমস্যা আরো বাড়তে পারে।


