সন্তান গ্রহণের পূর্বে মায়ের করনীয় ছয় কাজ
সুষ্ঠুভাবে সন্তান গ্রহন থেকে শুরু করে সন্তান গর্ভে ধারণের কাজটি ভালোভাবে সম্পন্ন করতে সন্তান গ্রহণের আগে থেকেই মা’কে সচেতনভাবে নিজের যত্ন নেওয়া থেকে শুরু করে বেশ কিছু ব্যাপারে প্রস্তুতি নিতে হয়। একটি নতুন মানুষকে পৃথিবীতে নিয়ে আসার ব্যাপারটি চাট্টিখানি কথা নয়, তাই হুট করে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়েই নির্বিঘ্নভাবে সন্তানের জন্ম নেওয়াটাই ভালো কাজ হবে। এমন কিছু প্রস্তুতির কথা নিয়েই আজকের হাঁটিহাঁটিপা’র আয়োজনঃ
১। সবার আগে একটি প্রি-কনসেপশন চেকআপ করে নিলে সবচেয়ে ভালো হয়। এতে করে নিজের শরীরের অবস্থা, একজন নারী হিসেবে শরীর সন্তান ধারনের জন্য কতটা প্রস্তুত সে বিষয়ে ভালোভাবে জানা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়।
২। ফলিক এসিড সমৃদ্ধ জন্মপূর্ব ভিটামিন নেওয়া শুরু করা যেতে পারে চিকিৎসকের পরামর্শ নিয়ে। এটি মা ও শিশু উভয়ের সুস্থতার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ।
৩। ক্যাফেইন, ধুমপান এর অভ্যাস থাকলে সন্তানের এবং নিজের সুস্থতার দিকে তাকিয়ে এসবকিছু ধীরে ধীরে পরিত্যাগ করা শুরু করুন অবশ্যই।
৪। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাজেটিং। একজন নতুন সদস্যকে পৃথিবীতে নিয়ে আসা থেকে শুরু করে তাকে ভালোভাবে বড় করে তুলতে আর্থিক যে সহায়তাটি দরকার তা মাথায় রাখুন এবং আগে থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন।
৫। সঙ্গীর সাথে এ বিষয়ে সম্পূর্ণ খোলাখুলিভাবে আলোচনা করুন। সন্তানের বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে স্বামী স্ত্রী দুজনেরমাঝে ভালো বোঝাপড়া অনেক বেশি দরকার।
৬। মা যদি দ্বিতীয় বারের মতো গর্ভবতী হয়ে থাকেন তবে প্রথম সন্তানের বয়স, শারীরিক ও মানসিক অবস্থা এবং শিশুকে দেখভাল করার মানুষজন সম্পর্কে সঠিকভাবে জেনে তবে এ বিষয়ে এগোনো ভালো হবে। তানাহলে এক সন্তানের জন্য আরেক সন্তানকে নিয়ে অনেক সমস্যার মুখে পরতে হবে।


