মায়ের দুধের পরিপূরক খাবারঃ শিশুর খিচুড়ি
ছয় মাস বয়সের পর থেকে শিশুকে মায়ের বুকের দুধের পাশাপাশি বিভিন্ন রকমের খাবার দেওয়া শুরু করতে হয়। আর এসব খাবারের মধ্য সবচেয়ে বেশি যে খাবারটি পরিচিত তা হলো শিশুর জন্য বিভিন্ন রকমের উপাদান দিয়ে তৈরি খিচুড়ি। আজ আদর্শ পরিমাণে সব উপাদান দিয়ে শিশুর খিচুড়ি কি করে তৈরি করা যেতে পারে তা তুলে ধরা হলঃ
উপকরণসমূহঃ
চাল- ১৮০ গ্রাম (তিন ছটাক),
ডাল- ৬০ গ্রাম (এক ছটাক),
ঋতুকালীন সবজি- ৬০ গ্রাম,
মাছ/ মাংস/ ডিম- এক টুকরা মাছ কিংবা মাংস, একটি ডিম,
তেল- এক টেবিল চামচ,
আয়োডিনযুক্ত লবণ- পরিমাণমতো।
প্রস্তুত প্রণালীঃ প্রথমে চাল ও ডাল একত্রে মিশিয়ে ধুয়ে নিতে হবে। তারপর ফোটানো পানিতে নরম করে সেদ্ধ করে নিতে হবে। সবজিগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়ে ডাল ও চালের মধ্যে দিয়ে নরম করে সেদ্ধ করে নিতে হবে। তারপর নিজের ইচ্ছামতো মাছ কিংবা মাংসের এক টুকরা অথবা এক টুকরা কলিজা অথবা এক টুকরা বা পুরো একটা ডিম মিশিয়ে নিন ভালো করে। লক্ষ্য রাখবেন যাতে মাছে কোন রকম কাঁটা কিংবা মাংসে কোন রকম হাড় না থাকে। আপনার সন্তানের বয়স অনুযায়ী তরল কিংবা আধা তরল করে তৈরি করুন। সবশেষে এক টেবিল চামচ তেল ও আয়োডিনযুক্ত লবণ দিয়ে নামিয়ে নিন।
এছাড়া শিশুর জন্য উপযোগী খাবারগুলো হতে পারে-
- দুধের পায়েস বা দুধ দিয়ে রান্না করা সুজি,
- নরম সেদ্ধ ডিম,
- ভাত, মুড়ি, চিড়া ইত্যাদি নরম করে দুধ দিয়ে মেখে,
- টমেটো, মটরশুটি, ফুলকপি, শিম অন্যান্য শাকসবজি ভালো করে সিদ্ধ করে চটকিয়ে।
শিশুর জন্য এসব খাবার বুকের দুধের পাশাপাশি শরীর গঠনে এবং শরীরের বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করতে পারে।


