শিশুর ক্রোধ নিয়ন্ত্রণে যা করবেন
আপনার বাচ্চা অন্য শিশুদের সাথে বসে খেলছে- হঠাৎ সে অন্য শিশুর মুখে খামচি দিয়ে বসলো অথবা নাকে বসিয়ে দিলো ঘুষি! আপনি যতোটা বিব্রত হবেন, তার চেয়েও হয়তো অবাক হবেন যে এই ছোট্ট শিশুর ভেতরে এতো রাগ কোথা থেকে এলো! প্রকৃতপক্ষে ক্রোধ শিশুর স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোর একটি এবং শিশু দু’বছর বয়স থেকেই এটি উপলব্ধি এবং অনুশীলন করতে থাকে।
তাই আপনার শিশুর এইরকম আচরণে তাকে অসুস্থ ভাবার কোন কারণ নেই। বরং আপনি তাকে কিছু কৌশল অবলম্বনের মাধ্যমে সঠিক আচরণের শিক্ষা দিতে পারেন। আপনার শিশু এটি রাতারাতি শিখে যাবে না, তবে দীর্ঘ মেয়াদে শিশুর আচরণ স্বাভাবিক হবে।
যদি আপনার শিশু অন্য শিশুদের সাথে খেলার সময় তাদের দিকে বল ছুড়ে মারে বা তেড়ে যায়, তাহলে তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে আনুন। তাকে পাশে নিয়ে বসুন এবং তাকে সহ অন্য শিশুদের খেলা দেখতে থাকুন। এটা তার মনোজগতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সে ধীরে ধীরে বুঝতে শিখবে কিভাবে খেলতে হয়। শিশুর এরকম আচরণে বিব্রত হলেও কখনো তার সামনে চিৎকার চেঁচামেচি করবেন না, তাকে বকবেন না বা আঘাতও করবেন না। বরং তাকে মুখে এবং দেহ ভঙ্গিমায় শিখিয়ে দিন কিভাবে আচরণ করতে হয়। মনে রাখবেন, শিশুরা বড়দের অনুকরণ করে এবং আপনার নেতিবাচক আচরণ তার নেতিবাচক আচরণকে আরও জটিল করে তুলবে।
আপনার শিশুর রাগ নিয়ন্ত্রণে কেবল মাত্র একটি পন্থাই ব্যবহার করুন এবং সবসময় এই পন্থা অবলম্বন করুন। ফলে আপনার শিশু বার বার একই ব্যবহার চর্চা করার ফলে দ্রুত তা শিখে নিতে পারবে। আপনার শিশুকে অন্যদের কাছে থেকে নিয়ে আসার পর কিছু সময় অপেক্ষা করুন এবং আপনার শিশুর প্রতিক্রিয়া খেয়াল করুন। আপনি তাকে কোমল কণ্ঠে জিজ্ঞেস করতে পারেন যে আসলে কি ঘটেছিলো।
শিশু যখন ভালো ব্যবহার করে তখন তাকে উৎসাহ দিন। এসময় তাকে চমৎকার একটি হাসি উপহার দিতে পারেন, হাততালি দিতে পারেন এবং ছোট খেলনাও দিতে পারেন। এর ফলে সে সুন্দর ব্যবহারে উৎসাহ পাবে। টিভির অনুষ্ঠানগুলো সাধারণত ঝগড়া এবং ঝামেলায় পরিপূর্ণ থাকে যা থেকে শিশুর আচরণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাছাড়াও যেসব কার্টুনে নেতিবাচক ঘটনা থাকে তাও খারাপ প্রভাব ফেলে। তাই এসকল অনুষ্ঠান এবং কার্টুন দেখা থেকে শিশুকে দূরে রাখুন। হাসি এবং আনন্দময় কার্টুন এবং বিভিন্ন অ্যানিমেটেড অনুষ্ঠান শিশুর সুন্দর আচরণ গঠনে সহায়ক। আপনি মাঝে মাঝে তাকে জিজ্ঞেস করতে পারেন যে সে কি দেখেছে। এইভাবে শিশুর ক্রোধ কাটিয়ে তাকে শালীন আচরণে অভ্যস্ত করে তুলতে পারবেন।


