শিশুর মুদ্রাদোষ নখ কামড়ানো
নখ কামড়ানোর এই মুদ্রাদোষ শুধু শিশুর নয়, অনেক প্রাপ্ত বয়স্ক মানুষেরও থাকে। মজার বিষয় হচ্ছে নখ কামড়ানোর কারণ শিশু এবং প্রাপ্তবয়স্ক নির্বিশেষে সকলেরই প্রায় একই। কৌতূহল, বিরক্তি বোধ, মানসিক চাপ এবং অহেতুক অভ্যাসের কারণেই শিশু এবং প্রাপ্তবয়স্করা এটা করে থাকে। নখ কামড়ানোর পাশাপাশি চুল টানা, প্যাঁচানো, নাক চুলকানো, বৃদ্ধাঙ্গুলি চোষা এবং দাঁতে শব্দ করা ইত্যাদিও শিশুদের মধ্যে দেখা যায় এবং এগুলো মোটামুটি একই কারণে ঘটে থাকে।
অনেকেই ভেবে থাকেন শিশুদের মধ্যে কোন উদ্বেগ বা উৎকণ্ঠা কাজ করে না। খুব সাধারণ অনুভূতি যেমন: হাসি এবং কান্না ছাড়া এদের মধ্যে কোন আবেগ নাই। এই ধারণা ভুল এবং শিশুদের মধ্যেও উদ্বেগ কাজ করে। শিশু যখন বড় হতে থাকে, তখন প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখতে থাকে এবং পরিস্থিতির শিকার হতে থাকে। এসকল বিষয় তাকে ভাবিয়ে তোলে। ফলে এইসব অস্থিরতা থেকে মুক্তি পেতে শিশু আঙ্গুল চোষা বা নখ কামড়ানোর মত অভ্যাসগুলোর চর্চা করে থাকে।
তবে এটি মারাত্মক এবং বিরক্তিকর বদভ্যাস। এছাড়াও নখ কামড়ানোর কারণে শিশুর মুখে ইনফেকশন হতে পারে এবং শিশু পেটের পীড়ায় ভুগতে পারে। ফলে শিশুর এই বদভ্যাস পরিত্যাগ করানোর জন্য উদ্যোগী হন। প্রথমেই তার উদ্বেগের কারণ চিহ্নিত করার চেষ্টা করুন। অনেক বাবা-মা শিশুর মুখ থেকে বার বার আঙ্গুল সরিয়ে দেয়। তবে এটা কোন কার্যকর উপায় নয়। বরং, যে কারণে শিশু উদ্বিগ্ন এবং নখ কামড়াচ্ছে তার প্রতিকার করাই আবশ্যক। শিশু বিভিন্ন কারণে উদ্বিগ্ন হতে পারে যেমন শরীরে যদি অস্বস্তি অনুভব করে বা ঘরের কোন বস্তু বা রঙের প্রতি অস্বাচ্ছন্দ্যবোধ করে।
অধিকাংশ সময়ই মানুষ নখ কামড়ে থাকে অসচেতন ভাবে। তাই যখন শিশু নখ কামড়ায়, তখন মুখ থেকে হাত সরিয়ে দিলে আবার অসচেতন ভাবেই আবার মুখে আঙ্গুল দেবে। তাই কার্যকর উপায় হচ্ছে তাকে এ ব্যাপারটা জানিয়ে দেওয়া যে সে নখ কামড়াচ্ছে এবং এটা ঠিক নয়। যেমন আপনি প্রতিবার তাকে নখ কামড়াতে দেখার সময় বলে দিতে পারেন যে সে মুখ কামড়াচ্ছে। অথবা শিশু যদি একটু বড় হয়, তাহলে সময় নির্ধারণ করে দিতে পারেন যেমন: খাবার সময় নখ কামড়াতে পারবে না, পড়ার সময় নখ কামড়াতে পারবে না। এভাবে শিশু ধীরে ধীরে এই বদভ্যাস কাটিয়ে উঠতে পারবে।
তবে সবার আগে খেয়াল করুন যে আপনার এই বদভ্যাস আছে কিনা! যেহেতু মুদ্রাদোষ গুলো অবচেতনে ঘটে থাকে, তাই মানুষ নিজেও অনেক সময় জানে না যে সে এই বদভ্যাসের চর্চা করে চলেছে। কে জানে, হয়তো শিশু আপনার কাছে থেকেই নখ কামড়ানো শিখেছে!


