শিশুর প্রথম ফিডার বা বোতলে খাবার খাওয়াতে খেয়াল করতে হবে যে সাতটি জিনিস
জন্মের পর অনেক সময় মায়েরা সমস্যা বা কাজের ব্যস্ততার কারণে মায়ের বুকের দুধ সন্তানকে ঠিকমতো খাওয়াতে পারে না। সেইসময় শিশুর জন্য প্রয়োজন হয় বোতল বা ফিডারে করে খাবার খাওয়ার। কিন্তু শুধু খাবার দিলেই তো হবে না, এর জন্য প্রয়োজন দরকারি সব ব্যবস্থা করা যাতে ফিডার বা ফিডারের নিপল আপনার সন্তানের কোন ক্ষতি না করতে পারে। এজন্য দরকারি সাতটি ধাপ জেনে নিন যা আপনার সন্তানের মঙ্গলের জন্য অত্যন্ত প্রয়োজন।
একঃ
পুরো বোতল ও নিপলের মুখ বেশ ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিন যাতে কোন রকমের ময়লা না থাকে।
দুইঃ
ময়লা পরিষ্কার করলেই শুধু হবে না, অবশ্যই ভালো করে শিশুর জন্য ব্যবহৃত বোতল, নিপল, চামচ সহ সবকিছু ভালো করে গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে। অনেক মা’ই কাজটি করতে ভুলে যান এবং শুধুমাত্র বোতল ধুয়ে নিয়ে তাতে শিশুকে খাবার খাওয়ান। এক্ষেত্রে বোতলে লেগে থাকা অদৃশ্য জীবাণু যায় না এবং তা শিশুর শরীরে বোতলের মাধ্যমে প্রবেশ করতে পারে। তাই বোতল ভালো করে ধুয়ে নেওয়া উচিত।
তিনঃ
শিশুর দুধ প্রয়োজনমত ঠাণ্ডা বা গরম করে নিন। খেয়াল রাখবেন যাতে খাবার খুব বেশি ঠাণ্ডা বা গরম না হয়ে যায়।
চারঃ
শিশুকে খাওয়ানোর জন্য একটি আরামদায়ক ও ভালো জায়গা বেছে নিন। আপনি আপনার সন্তানকে যাতে আরামমত বসে খাওয়াতে পারেন এবং কেউ কোন অস্বস্তি বোধ না করে সেজন্য আগে থেকেই ব্যবস্থা নিন।
পাঁচ:
খাওয়ানোর সময় শিশুকে যথেষ্ট আরাম দিতে চেষ্টা করুন। দরকার হলে শিশুকে বালিশ বা কুশন দিয়ে একটু উঁচিয়ে নিন তার মাথা, যাতে সে সহজে খাবার খেতে পারে।
ছয়ঃ
শিশুকে খাওয়ানোর মাঝে মাঝে একটু বিরতি দিয়ে তাকে ঢেকুর তোলার সময় দিন। তা না হলে শিশু অস্বস্তি বোধ করবে এবং খেতে পারবে না।
সাতঃ
প্রথম অবস্থাতেই শিশু এই ব্যপারে অভ্যস্ত নাও হতে পারে এবং তাই একবার না খেলে হাল ছেড়ে দেবেন না! একটু চেষ্টা করলেই শিশু এতে অভ্যস্ত হয়ে পড়বে।


