শিশুর টয়লেট ট্রেনিং দেওয়ার সহজ সাতটি ধাপ
টয়লেট সম্পর্কে শিশুকে ধারণা দেওয়া এবং শিশুকে টয়লেট ব্যবহার করতে শেখানো বাবা-মায়ের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। এসময় অনেক বাবা-মা চিন্তায় পড়ে যান কি করে শুরু করবেন, কিভাবে শুরু করবেন। তাই সহজ সাতটি ধাপের মাধ্যমে জেনে নিন কি করে শিশুকে এই অভ্যাস রপ্ত করানো যেতে পারেঃ
ধাপ একঃ শিশুর সময়টাকে বুঝতে চেষ্টা করুন। সাধারণত এক বছর বয়সের পর থেকে শিশুর এই অভ্যাস শুরুর সময় আসে। শিশু বুঝতে শেখে টয়লেট সংক্রান্ত ব্যাপারগুলো। তাই বুঝুন আপনার শিশু এর জন্য প্রস্তুত কিনা! সাধারণত এক থেকে দেড় বছর বয়সেই শিশু এর জন্য প্রস্তুত হয়।
ধাপ দুইঃ শুরুতেই বড়দের মতো টয়লেটে যাওয়ার ব্যাপারটি কোনভাবেই শিশুকে দিয়ে করানো উচিৎ হবে না। তাই প্রথমে উপযুক্ত পটি ব্যবহার করুন যাতে শিশুর জন্য সুবিধা হয়।
ধাপ তিনঃ শিশুর টয়লেটের একটি রুটিন তৈরি করতে চেষ্টা করুন। যেমন সকাল বেলা ঘুম থেকে উঠেই শিশুকে পটিতে বসানোর অভ্যাস করান, আবার খাওয়ার একটি নির্দিষ্ট সময়ের পরেও তাকে পটিতে বসানোর অভ্যাস করান। এতে শিশুর জন্য ব্যাপারটি বোঝা অনেকটাই সহজ হবে।
ধাপ চারঃ শিশুকে উদাহরণ দিয়ে বুঝিয়ে বলুন কি করে পুরো কাজটি করতে হয়। যেমন আপনি সকাল বেলা ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজগুলো সারতে যান, ঠিক তেমন তাকেও এভাবেই কাজ করতে হয়। এটা বুঝিয়ে বলুন।
ধাপ পাঁচঃ আপনার সন্তানকে পুরো ব্যাপারটি ভালোভাবে বুঝিয়ে ও খুলে বলুন। কোন কিছু না বুঝিয়ে শুধু চাপিয়ে দিলে ব্যাপারটি শিশুর কাছে বোঝা হিসেবেই মনে হবে। এর চেয়ে ভালো যদি শিশুকে ভালোভাবে বুঝিয়ে সব বলতে পারেন।
ধাপ ছয়ঃ শিশুর প্রশিক্ষণ দেবার সময় নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখুন ও ধৈর্য ধরুন। শিশু এসময় কাপড় নষ্ট করতে পারে, ময়লা করতে পারে। তাই পর্যাপ্ত শুকনো কাপড় একসাথে রাখুন শিশুকে শেখানোর সময়।
ধাপ সাতঃ শিশু যাতে কোনভাবে পটি থেকে পড়ে না যায় সে দিকে খেয়াল রাখুন।


